আবাহনীর জয়ের নায়ক বাঙ্গুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের একমাত্র গোলটা তাঁরই। দ্বিতীয় গোলও প্রায় এসে গিয়েছিল। কিন্তু ইসমাইল বাঙ্গুরা পেনাল্টি থেকে গোল করতে পারেননি। দ্বিতীয় গোলটা না পেলেও ১৭ মিনিটে করা বাঙ্গুরার গোলটি ধরে রাখতে পেরেছে আবাহনী। এই গোলের কল্যাণেই ভারতের আসাম ইলেকট্রিসিটির বিপক্ষে জয় দিয়ে ভুটানের কিংস কাপে শুভসূচনা করল আকাশি-নীলরা।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি আবাহনী হয়ে পড়ে ১০ জনের দলে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার প্রাণতোষ। এ সময় খানিকটা চাপও বাড়ে, কিন্তু শেষ পর্যন্ত আসামের দলটি আবাহনীর গোলমুখ খুলতে পারেনি।
এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের প্রিমিয়ার চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডিও। পরশু তারা ভুটানের দ্রুক ইউনাইটেডকে ৩ গোলে উড়িয়ে শুরু করেছে টুর্নামেন্ট। শেখ জামালের মতো বড় না হোক, অন্তত জয় দিয়ে কাল শুরু করতে পেরে আবাহনী কক্ষপথেই রাখতে পেরেছে নিজেদের। ১৮ নভেম্বর আবাহনীর দ্বিতীয় ম্যাচ ভুটানের উগেইন একাডেমির সঙ্গে।