আবাহনীর ড্রয়ের দিনে কিংসের গোল উৎসব

ইব্রাহিমের গোলের পর বসুন্ধরার উল্লাসছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগের অষ্টম রাউন্ড শুরু হলো দুই বড় দলের দুই রকম অভিজ্ঞতা নিয়ে। রাজশাহীতে আজ স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলে আরেকটু পিছিয়ে পড়েছে শিরোপাপ্রত্যাশী আবাহনী লিমিটেড। ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায় গোল উৎসব করেছে স্বাগতিক দল। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে তারা জিতেছে অবিশ্বাস্য দাপটে—৫-০ ব্যবধানে! মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিং-শেখ জামাল ২-২ গোলে ড্র করেছে।

চলতি মৌসুমে কমলাপুর স্টেডিয়ামে টার্ফে নৌবাহিনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল কিংস। সেটি ছিল স্বাধীনতা কাপে। তবে প্রিমিয়ার লিগে এটিই কিংসের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আর এমন জয় পেয়ে আজ উচ্ছ্বাসে ভেসে গেল কিংস। ম্যাচের পর মাঠে উপস্থিত কিংস সভাপতি ইমরুল হাসানের কাছে বোনাস দাবি করেন ফুটবলাররা। ভিআইপি বক্স থেকে ইশারায় পাঁচ লাখ টাকা বোনাসের আশ্বাস দিয়েছেন তিনি। পরে মাঠে নামার পর তাঁকে ফুটবলাররা ঘিরে ধরেন আরও বোনাসের আবদার নিয়ে।

দুর্দান্ত খেলেছেন রবসন
ছবি: প্রথম আলো

নিজেদের মাঠে আজ সেরা ফুটবল খেলেছে কিংস। ছোট ছোট পাসে তৈরি করেছে আক্রমণ। আর সেই আক্রমণ বুঝতেই পারেনি চট্টগ্রাম আবাহনী। যার খেসারত গুনে পাঁচ–পাঁচটি গোল খেয়েছে মারুফুল হকের দল। অথচ ৫ গোল খাওয়ার মতো দল নয় চট্টগ্রাম আবাহনী। আজ তারা নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি। প্রথমার্ধেই খেয়ে বসেছে ৪টি গোল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন করেছেন জোড়া গোল। সুমন রেজা ও ইব্রাহিম করেন বাকি ২ গোল। দ্বিতীয়ার্ধে সুমন রেজার বদলি নামা এলিটা কিংসলি এনে দেন পঞ্চম গোল।

ম্যাচে কিংসের রবসন দা সিলভা দেখালেন দারুণ ঝলক। অ্যাটাকিং থার্ডে অল্প জায়গায় বল করে নেওয়ায় তাঁর জুড়ি মেলা ভার। ডিফেন্ডাররা তাঁর সামনে বিভ্রান্ত হয়ে পড়েন। আজ সুমন রেজা থেকে রবসন বল পেয়ে যেভাবে কোনাকুনি শটে বল জালে পাঠান, প্রতিপক্ষ রক্ষণ ও গোলকিপার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছেন। দলের দ্বিতীয় গোলটি রবসন করেন সোহেল রানার সঙ্গে ছোট্ট একটি পাস খেলে। এরপর দুই খেলোয়াড়কে কাটিয়ে দূরের পোস্টে নিখুঁত প্লেসিংয়ে বল পাঠান জালে। চট্টগ্রাম আবাহনীর গোলকিপার আজাদ বুঝতেই পারেননি, বল জালে যাচ্ছে।

গোলকিপার বনেছিলেন ম্যাচে এক গোল করা ইব্রাহিম
ছবি: প্রথম আলো

কিংসের প্রথম গোলটি করেন সুমন রেজা। এ মৌসুমে কিংসে নাম লেখানো এই স্ট্রাইকার গত ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। আজ পেলেন দ্বিতীয় গোল। মাঝমাঠে ১২টি পাস খেলে এ আক্রমণ গড়ে তোলে কিংস, যার নেতৃত্বে ছিলেন চোট কাটিয়ে এক ম্যাচ পর একাদশে ফেরা মিডফিল্ডার সোহেল রানা।

লেফটব্যাক ইয়াছিনের লম্বা ক্রস দূরের পোস্টে ভেসে আসে। সেই বল গায়ের সঙ্গে লেগে থাকা চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে হেডে জালে জড়ান সুমন। ৩-০ করেছিলেন ডান দিকের উইংয়ে খেলা ইব্রাহিম। বাঁ পায়ে কোনাকুনি শটে লক্ষ্য ভেদ করেন এই উইঙ্গার।

শেষ দিকে কিংস তুলে নেয় তাদের গোলকিপার আনিসুরকে। বদলি নামা হামিদুর রহমানের মাথায় আঘাত লাগে চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার থ্যাংকগডের সঙ্গে সংঘর্ষে। অ্যাম্বুলেন্স আসে মাঠে। ইব্রাহিম তৈরি হন পোস্টের নিচে দাঁড়াতে। তবে হামিদুর মাথায় ব্যান্ডেজ নিয়েও শেষ এক মিনিট কাটিয়ে দেন মাঠে।

গোল করেছেন এলিটা
ছবি: প্রথম আলো

এই ম্যাচের মাধ্যমেই পুরোনো হিসাব যেন আজ চুকিয়ে নিলেন কিংস কোচ অস্কার ব্রুজোন। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের কাছে আগে দুবার হেরে এবারের দ্বৈরথটা এত সহজে জিতবেন, হয়তো ভাবেননি ম্যাচ শুরুর পরও। ব্রুজোন বললেন, ‘এটাই আমাদের সেরা নৈপুণ্য। আজ আমরা পাসিং ফুটবল খেলে ওদের বিভ্রান্ত করেছি।’ সেটা মেনে নিলেও চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের ক্ষোভ অন্য বিষয়ে।

ম্যাচ শেষে মারুফের ক্ষোভ, ‘ম্যাচটা ছিল কুমিল্লায়। আর কুমিল্লার মাঠ খুবই ভালো। আমরা প্রস্তুত হচ্ছিলাম সেখানে হোম ম্যাচ খেলব বলে। কিন্তু ম্যাচটা হঠাৎ কিংসের মাঠে আনা হলো। এই মাঠে ওরা খেলে অভ্যস্ত। পিচ্ছিল মাঠ। আমরা এখানে অনুশীলন করি না, ফলে আজ মাঠ একটা বড় সমস্যা হয়েছে আমাদের কাছে।’
ওদিকে রাজশাহীতে ৩৯ মিনিটে নাবিব নেওয়াজের গোলে এগিয়ে গিয়েছিল আবাহনী। ৮০ মিনিটে ইকবাল হোসেনের গোলে ১-১।

৮ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৭। সমান ম্যাচের কিংসের ২১।