আবাহনীর ত্রাতা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিজেএমসির বিপক্ষে ফ্রি-কিকে গোল করেছিলেন, কাল ময়মনসিংহে করলেন ব্রাদার্সের বিপক্ষে। ওই গোলের পর সতীর্থ ওয়ালি ফয়সাল ছুটছেন লি টাককে অভিনন্দন জানাতে l জগলুল পাশা
চট্টগ্রামে বিজেএমসির বিপক্ষে ফ্রি-কিকে গোল করেছিলেন, কাল ময়মনসিংহে করলেন ব্রাদার্সের বিপক্ষে। ওই গোলের পর সতীর্থ ওয়ালি ফয়সাল ছুটছেন লি টাককে অভিনন্দন জানাতে l জগলুল পাশা

মুক্তাগাছা থেকে পিকআপভর্তি স্কুলছাত্র এল ভরদুপুরে। খেলা শুরুর ঘণ্টা দুয়েক আগ থেকেই এভাবে দর্শক আসতে থাকল রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের মতো কাল শেষ ম্যাচেও লোকে লোকারণ্য।
ছুটির দিনেই নাকি ময়মনসিংহে দর্শক আসে, কথাটা ভুল প্রমাণ করে কাল অন্তত ১০ হাজার দর্শক ছিলেন গ্যালারিতে। উত্তর গ্যালারিতে শেখ কামালের পোস্টার হাতে আবাহনীর কিছু সমর্থক আনন্দ করছিলেন। কিন্তু দিন শেষে তাঁরা হতাশ। ব্রাদার্সের সঙ্গে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে আকাশি-নীলরা।
আবাহনী এখনো ছন্দ ফিরে পায়নি। চোটের কারণে সেরা একাদশ পাওয়া যাচ্ছে না। পুরো ফিট না হওয়ায় মিডফিল্ডার হেমন্ত কাল থাকলেন বাইরে। স্ট্রাইকার জীবন লক্ষ্যভেদে ব্যর্থ। বদলি হিসেবে নামা ওয়াহেদও একই পথের যাত্রী। চোটগ্রস্ত প্রাণতোষের বদলে মাঝমাঠে ফাহাদ। কিন্তু সুযোগ পেলেও নিজেদের মেলে ধরতে পারেনি তাঁরা।
উপরন্তু সানডে, জুয়েল রানারা একাধিক সুযোগ পেয়েও কখনো বাইরে মেরেছেন। কখনো দুর্ভাগ্যের ফেরে ক্রসবার বা সাইড পোস্টে লাগল। ব্যতিক্রম ছিলেন ইংলিশ স্ট্রাইকার লি টাক। ফ্রি-কিক থেকে তাঁর অসাধারণ বাঁকানো শটেই আবাহনী ম্যাচে ফিরল। চট্টগ্রাম পর্বের তৃতীয় ম্যাচে বিজেএমসির বিপক্ষেও ফ্রি-কিকে গোল করেছিলেন লি। ওই ম্যাচে লাল কার্ড দেখায় ময়মনসিংহে প্রথম ম্যাচ খেলতে পারেননি। মুক্তিযোদ্ধার বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করে আবাহনী। কাল লি দলকে জেতাতে না পারলেও নিজেকে চেনালেন আরেকবার।
৩৮ মিনিটে ব্রাদার্সের কিংসলের হেড সাইড পোস্টে লাগলে বেঁচে যায় আবাহনী। ৫৩ মিনিটে বক্সের মধ্যে আবাহনীর সাবেক ঘানাইয়ান স্ট্রাইকার ও এই লিগে ব্রাদার্সের জার্সি গায়ে খেলা আউডু ইব্রাহিমকে ফেলে দেন ডিফেন্ডার সামাদ ইউসুফ। পেনাল্টিতে ১-০ করেন কিংসলে। ৫৭ মিনিটে ব্রাদার্স ফরোয়ার্ড মান্নাফ রাব্বি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলের বিপক্ষে আবাহনী আক্রমণ বেড়ে যায় স্বাভাবিকভাবেই। ৬৩ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে লি টাকের অসাধারণ সেই ফ্রি-কিক মানবদেয়ালের ওপর দিয়ে জালে ঢোকে। ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়া শুধু চেয়েই রইলেন। আবাহনী এরপর টানা আক্রমণ করেও আর গোল পায়নি। জীবনের শট সাইড পোস্টে লেগে ফেরে, জুয়েলের শট লাগে ক্রসবারে।
ফিফার কোচিং প্রোগ্রামে অংশ নিতে এক সপ্তাহের ছুটি নিয়ে ইতালি যাওয়ায় কোচ জর্জ কোটান ছিলেন না ডাগআউটে। সহকারী অমলেশ সেন টানা দুই ড্রয়ে বিরক্ত, ‘ছেলেদের খেলায় খুব হতাশ আমি। চোটের কারণে সেরা একাদশ নামাতে পারছি না। তা ছাড়া ফরোয়ার্ডরা এভাবে সুযোগ নষ্ট করলে ম্যাচ জেতা অসম্ভব।’
৫ আগস্ট শুরু হওয়া ময়মনসিংহ পর্ব গতকাল শেষ হয়েছে। আজ থেকে ঢাকায় খেলা।

পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
চট্টগ্রাম আবাহনী ৫ ৩ ২ ০ ১৩/ ৫ ১১
মুক্তিযোদ্ধা ৫ ২ ৩ ০ ৯/৪ ৯
শেখ জামাল ৫ ২ ৩ ০ ১০/ ৬ ৯
রহমতগঞ্জ ৫ ২ ৩ ০ ৮/৪ ৯
ঢাকা আবাহনী ৫ ২ ৩ ০ ৫/৩ ৯
আরামবাগ ৫ ১ ৩ ১ ৭/৯ ৬
ফেনী সকার ৫ ১ ২ ২ ৪/৫ ৫
বিজেএমসি ৫ ০ ৪ ১ ৪/৫ ৪
মোহামেডান ৫ ০ ৪ ১ ৬/৮ ৪
ব্রাদার্স ৫ ০ ৪ ১ ৫/৭ ৪
উত্তর বারিধারা ৫ ১ ০ ৪ ৬/১৫ ৩
শেখ রাসেল ৫ ০ ১ ৪ ২/৮ ১