শেখ রাসেলকে হারিয়ে শিরোপা সুবাস পেতে শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি। মাঠে বসে ম্যাচটা দেখে হতাশাই বোধ হয় ছড়াল আবাহনী শিবিরে। নিজেদের আর বাস্তব সম্ভাবনা নেই ভেবেই কি না, এদিন আবাহনী গোলই করতে পারল না। অথচ পাঁচ দিন আগে শেখ রাসেলকে পাঁচ গোলে গুঁড়িয়ে দিয়েছিল এই দলই। ওটা ছিল কোচ জর্জ কোটানকে বিদায়ী উপহার। সেই আবাহনীই কাল আটকে গেল ব্রাদার্সের কাছে (০-০)।
শেখ রাসেলের বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে যেন নিজের ছায়া হয়ে থাকলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাদা মাঠে লক্ষ্যভেদে ব্যর্থ হলেন বেশ কয়েকবার। সুযোগ এসেছিল মিডফিল্ডার ইমন বাবুর সামনেও। তিনিও সানডের মতো গোলের রাস্তা খুঁজে পাননি।
এই ড্রয়ে আবাহনী পয়েন্ট ১৬ ম্যাচে ৩১। সমান ম্যাচে শেখ জামালের ৩৯। এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের ৩০। কার্যত শেখ রাসেলের সঙ্গে রানার্সআপ হওয়ার লড়াই-ই এখন আবাহনীর। শিরোপার আশা শেখ রাসেল যেমন জলাঞ্জলিই দিয়েছে কাল, আবাহনীর জন্যও সন্ধ্যাটা হয়ে থাকল হতাশার।