আবাহনীর নতুন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কামাল গভীর রাতে ধানমন্ডির বাসার তৃতীয় তলায় সেতার বাজাত। সেই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ত চারপাশে।’
দুই বছরের ছোট ভাই শেখ কামালকে কাল এভাবেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাহনী ক্লাব প্রাঙ্গণে বিশাল প্যান্ডেলের নিচে তখন পিনপতন নীরবতা। মুগ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে ‘শিল্পী’ শেখ কামালের কথা শুনছিলেন অতিথিরা। শুধু তো সেতার বাজানো নয়, স্পন্দন শিল্পীগোষ্ঠী গড়েছিলেন শেখ কামাল। প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়া চক্রের, যে দলটির হাতেই বাংলাদেশে আধুনিক ফুটবলধারার সূচনা।
সেই আবাহনীর দীর্ঘযাত্রায় অনেক ঘাত-প্রতিঘাত এসেছে। তবে প্রতিবছর নিজেদের প্রতিষ্ঠাতাকে তাঁর জন্মদিনে স্মরণ করতে ভোলে না আবাহনী। এবারও ব্যতিক্রম হয়নি। তবে কয়েক বছর পর এবার আবার আবাহনী ক্লাব প্রাঙ্গণে বড় অনুষ্ঠান হলো। বক্তারা সবাই শ্রদ্ধা জানালেন ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেওয়া শেখ কামালকে। প্রধানমন্ত্রী ক্লাবে এসেই ৬৬তম জন্মবার্ষিকীতে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিলেন। আপ্লুত হয়ে পড়লেন ভাইয়ের কথা বলতে গিয়ে।
তবে এবারের আয়োজনটা একটু আলাদা তাৎপর্য নিয়েই এসেছে। কয়েক বছর ধরেই বর্তমান আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কথা বলা হয়েছে, কিন্তু তা আলোর মুখ দেখেনি। এবার বলা হচ্ছে, কমপ্লেক্সটা হবেই। দৃশ্যমান অগ্রগতি বলতে আবাহনী ক্লাবের চারপাশে দেয়ালটা ভেঙে ফেলা হয়েছে। সামনে আর কী কী কাজ হবে, সেসবও জানালেন সংশ্লিষ্টরা। তাই এবার অনুষ্ঠানটা শুধুই শেখ কামাল স্মরণে সীমাবদ্ধ থাকেনি।
বারবারই এসেছে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স প্রসঙ্গ। তবে কমপ্লেক্সের আগে শেখ কামাল একাডেমি হচ্ছে, কাল যেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান দিলেন একাডেমির একটা রূপরেখা—এই একাডেমিতে বিভিন্ন বয়সভিত্তিক দল থাকবে। আগামী তিন মাসের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা। ৬-৯ মাসের মধ্যে কমপ্লেক্সের বেসমেন্ট করা হবে, তারপর চীনা একটি প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে কমপ্লেক্স শেষ করবে। সালমান ঘোষণার সুরে বলেই দিলেন, ‘জন্মদিনে শেখ কামাল স্মরণে আগামী অনুষ্ঠানটা নতুন কমপ্লেক্সেই করতে চাই আমরা।’
নকশা অনুযায়ী কমপ্লেক্সে থাকবে ক্লাব টেন্ট, শেখ কামাল কনভেনশন সেন্টার, হেলথ ক্লাব, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা করে দুটি সুইমিংপুল ও জিম। ফুটবল, ক্রিকেটের জন্য আলাদা মাঠ রাখার কথা বলা হয়েছে, যা এলাকার ছেলেমেয়েদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে উন্মুক্ত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। এ ছাড়া মিউজিয়াম, লাইব্রেরি, ক্যাফেটেরিয়াসহ আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।
বাংলাদেশের মতো দেশে এমন অত্যাধুনিক কমপ্লেক্সের ছবি আঁকতে সাহস পাবেন না অনেকেই। কিন্তু আবাহনীর কর্মকর্তারা স্বপ্ন দেখাচ্ছেন। ক্লাবের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের বর্ণনায়, ‘আগামী ৫০ বছর যেন লোকে বলে এই কমপ্লেক্সটা অনেক সুন্দর।’
ক্লাবের দুর্দিনের কান্ডারি প্রতিষ্ঠাতা সম্পাদক হারুনুর রশিদও তেমন আশাই করছেন। পরিচালক কাজী নাবিল আহমেদ, অঞ্জন চৌধুরী প্রমুখ তাঁদের বক্তব্যে শেখ কামালের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলার অঙ্গীকার করলেন। স্থানীয় সাংসদ ফজলে নূর তাপসের কণ্ঠে দ্রুতই শেখ কামাল কমপ্লেক্স নির্মাণের তাগিদ থাকল।
কিন্তু মাঠের আবাহনীর ছবিটা সেভাবে কেউ আঁকলেন না। শেখ কামাল ’৭৪ সালে বিল হার্টের মতো আইরিশ কোচ এনেছিলেন, যাঁর হাত ধরে দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে দলটি। সেই আবাহনী শেষ চারটি প্রিমিয়ার লিগে শিরোপাশূন্য। ক্লাবে পেশাদারি সেভাবে আসেনি, সেরা দলও এখন আর গঠন করতে পারছে না আকাশি-নীলরা।
মাঠের বাইরের মতো এবার মাঠেও রং ছড়াবে আবাহনী?