আবাহনীর নায়ক ওয়াহেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম গোলটি করেই গ্যালারির দিকে ছুটলেন ওয়াহেদ। তাঁর উদ্‌যাপনে সঙ্গী সতীর্থ শাকিল ও কোমল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
প্রথম গোলটি করেই গ্যালারির দিকে ছুটলেন ওয়াহেদ। তাঁর উদ্‌যাপনে সঙ্গী সতীর্থ শাকিল ও কোমল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

মৌসুমের শুরু থেকেই গোলখরায় ভুগছে আবাহনী। স্ট্রাইকাররা গোল পাচ্ছেন না বলে ম্যাচ শেষে প্রতিদিনই আক্ষেপ করেছেন কোচ জর্জ কোটান। সেই আবাহনীকেই কাল দেখা গেল অন্য চেহারায়। এ যেন নতুন আবাহনী!
শেখ জামালকে শুরু থেকেই চেপে ধরল আকাশি-নীলের দল। ১৫ মিনিটের মধ্যেই অন্তত গোটা চারেক সুযোগ নষ্ট। তবে গোল পেতে দেরি হয়নি। ২০ মিনিটেই আবাহনীকে কাঙ্ক্ষিত সেই গোল এনে দিলেন ওয়াহেদ। ৫৮ মিনিটে আরেকটি গোল করে আবাহনীর ২-০ গোলে জয়ের মধ্যমণিই হয়ে গেলেন এই স্ট্রাইকার।
টানা ২৬ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল শেখ জামাল। ১০ ম্যাচে ৭ জয়, ২ ড্রয়ের পাশে এই হারে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই লিগের প্রথম পর্ব শেষ করেছে চ্যাম্পিয়নরা। স্বস্তির জয়ে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ এই জয় তাদের ফেরাল শিরোপাদৌড়েই। আগের চার ম্যাচে আবাহনীর জয় ছিল মাত্র একটি। দুই হারের পাশে এক ড্র। সেই আবাহনী কালকের ম্যাচটিকে নেয় জীবন-মরণ লড়াই হিসেবেই। প্রতিটি খেলোয়াড়ের শরীরী ভাষায় ফুটে বেরিয়েছে জয়ের প্রতিজ্ঞা।
ওয়াহেদের প্রথম গোলটির উৎস ছিল শাহেদের ফ্রি-কিক। বক্সে এক কোণে থাকা ওয়াহেদের দিক থেকে শেখ জামালের ডিফেন্ডাররা মনে হয় চোখই সরিয়ে নিয়েছিলেন। একেবারেই অরক্ষিত ওয়াহেদ আলতো হেডে প্রথম এগিয়ে নেন দলকে।
আক্রমণাত্মক আবাহনীকে আর রুখতে পারেনি শেখ জামাল। কখনো দুই প্রান্ত, কখনো মাঝখান দিয়ে পরিকল্পিত আক্রমণে উঠেছে বদলে যাওয়া এই আবাহনী। জামালের ডিফেন্ডাররা ছিলেন এলোমেলো। খেই হারিয়েছেন তাঁরা বারবার। সেই সুযোগে কোমলের বাড়ানো বলে বাঁ পায়ের গড়ানো শটে ২-০ করলেন ওয়াহেদ। এই মৌসুমে ফেডারেশন কাপে গোল পাননি। গত ৯টি লিগ ম্যাচের মাত্র তিনটিতে সুযোগ পেয়ে অবশেষে দেখলেন গোলের মুখ।
শেখ জামালের মাঝমাঠে ছিলেন না মামুনুল। চোটগ্রস্ত এই প্লে-মেকার কাল দর্শক হয়েই দেখলেন দলের হার। মামুনুলের অভাবটা ভালোই টের পাচ্ছে শেখ জামাল। মাঝমাঠে তাঁর বিকল্প যে নেই কোচের হাতে।
মড়ার উপর খাঁড়ার ঘা ৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমেকা ডার্লিংটন। আবাহনীর ডিফেন্ডার উবম হেনরিকে ধাক্কা দিয়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন এই নাইজেরিয়ান। ডার্লিংটনের বিদায়ে ম্যাচে ফেরার আশাটারও সমাধি হয় শেখ জামালের। ওয়েডসন একা চেষ্টা করেছেন বটে, কিন্তু গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন।
এমনিতেই মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ ও হতাশ দেখাচ্ছিল ডার্লিংটনকে। তার ওপর আবাহনী গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ করে বোতল, ভাঙা চেয়ার, ইটের টুকরো ছুড়তে থাকে সমর্থকেরা। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে উড়ে আসা ইটের টুকরো কুড়িয়ে ভিআইপি গ্যালারির দর্শকের দিকে ছুড়ে মারেন ডার্লিংটন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কয়েকজন পুলিশ সদস্য ডার্লিংটনকে শান্ত করে নিয়ে যান ড্রেসিংরুমে।
সব মিলিয়ে বাজে দিনই গেল শেখ জামালের। বড় ম্যাচের চাপটাও সামলাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। লিগে টানা খেলার ধকলের পাশাপাশি দলের প্রতি ফুটবলারদের ‘দায়বদ্ধতার অভাবও’ দেখছেন কোচ মারুফুল হক। প্রথম পর্বের শেষ ম্যাচে এই হার যেন একটা বার্তাই দিয়ে রাখল চ্যাম্পিয়নদের।