আবাহনীর পথে মোহামেডানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডির দিকে শিরোপা হেলে পড়ায় অন্য বড় দলগুলো যেন উৎসাহ হারিয়ে ফেলেছে। আবাহনী যেমন পরশু ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে। কাল মোহামেডানও একই পথে। মুক্তিযোদ্ধার সঙ্গে সাদাকালোর ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথম গোলটা করেছিল মোহামেডানই। ২৫ মিনিটে সোহেল রানার ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা। ৯ মিনিট পর মুক্তিযোদ্ধা অধিনায়ক এনামুলকে বক্সে ফেলে দিয়েছিলেন মোহামেডান ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন। পেনাল্টি থেকে ১-১ করেন এনামুলই। জয়সূচক গোলটা ৭৪ মিনিটে পেয়ে যেতে পারত মোহামেডান। কিন্তু ফরোয়ার্ড ইব্রাহিম হাতছাড়া করেন সহজ সুযোগ।
এই ড্রয়ে ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩১। আবাহনীরও সমান পয়েন্ট। ব্রাদার্সের ২৯। এক ম্যাচ কম খেলে শেখ রাসেলের ২৯। এই দলগুলোর মধ্যেই এখন চলছে রানার্সআপ হওয়ার লড়াই। যে লড়াইয়ে থাকতে পারত মুক্তিযোদ্ধাও। কিন্তু দ্বিতীয় পর্বে দলটা রীতিমতো ছন্নছাড়া। ছয় ম্যাচে পেয়েছে মাত্র ৩ পয়েন্ট। সব মিলিয়ে ২২ পয়েন্ট নিয়ে আছে অনেকটা পেছনে।
চট্টগ্রাম আবাহনীর জয়: হোম ভেন্যুর সুবিধা কাজে লাগাল চট্টগ্রাম আবাহনী। এম এ আজিজ স্টেডিয়ামে কাল ৭৮ মিনিটে ইয়োকোর একমাত্র গোলে রহমতগঞ্জকে হারিয়েছে তারা। অবনমন বাঁচানোর লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীর জন্য এই তিনটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে চট্টগ্রামের দলটি আছে দশে। সবার নিচে থাকা ফরাশগঞ্জের পয়েন্ট ১৪ ম্যাচে ৫।