আবাহনীর পরীক্ষা নিতে ঢাকায় বেঙ্গালুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সংবাদ সম্মেলনে আবাহনী শোনাল না তেমন আশার বাণী। সৌজন্য ছবি
আজ সংবাদ সম্মেলনে আবাহনী শোনাল না তেমন আশার বাণী। সৌজন্য ছবি

প্রথম তিন ম্যাচেই হার। এএফসি কাপ থেকে কার্যত বিদায়ই নিয়েছে ঢাকা আবাহনী। তবে ম্যাচ আছে আরও তিনটি। সেই তিন ম্যাচের ‘প্রথমটি’ আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু সন্ধ্যা ছটা ১০ মিনিটে। ঘরের মাঠ বলে আকাশি নীলেরা একটু আশাবাদী হতে পারছে এই ম্যাচ নিয়ে। 

তা ছাড়া প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির মাঠে কদিন আগে অ্যাওয়ে ম্যাচে খুব খারাপ খেলেনি দলটা। যদিও শেষ পর্যন্ত হার ২-০ গোলে। কিন্তু গত কয়েক দিনে খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি কিছুটা হলেও কমেছে। একই সঙ্গে গত দুটি ম্যাচে মাঠের বাইরে থাকা ডিফেন্ডার সামাদ ইউসুফকে পাওয়া যাচ্ছে। তাই তিনজন বিদেশি নিয়েই নামতে পারবে আবাহনী। যা কিছুটা হলেও দলটার জন্য উজ্জীবনী শক্তি হয়ে থাকবে।
বেঙ্গালুরুর সঙ্গে ফিরতি লড়াইয়ে আবাহনী কোচ দ্রাগো মামিচ আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের অনেক সমস্যা আছে জানি। তবে এখন দলের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তা ছাড়া ঘরের মাঠে খেলা। তাই আমি বলব, আগের ভুলত্রুটি শুধরে এই ম্যাচে আমাদের ভালো করা উচিত। অবশ্যই জয়ের জন্য খেলব আমরা।’
তবে আসল কথাটা বলতেও ভোলেননি মামিচ, ‘এএফসি কাপটা আমাদের জন্য আসলে অনেক বড় কিছু। এখানে খেলতে যে প্রস্তুতিটা দরকার ছিল, সেটা আমাদের ছিল না।'
শেখ কামাল টুর্নামেন্টের পর পাঁচজন খেলোয়াড় হঠাৎ নেই আবাহনী শিবির থেকে, সব মিলিয়ে গতবারের দল থেকে দশজনই নেই। এভাবে নতুন দল গঠন করে এএফসি কাপের মতো টুর্নামেন্ট খেলা কতটা কঠিন, তা এখন আবাহনী বুঝতে পারছে ভালোই।
তার পরও আবাহনী ভালো কিছুর আশায় আছে। কিন্তু যে দল প্রথম তিন ম্যাচেই হেরে মানসিকভাবে কোণঠাসা হয়ে যায়, সেই দল কীভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারে? সংবাদ সম্মেলনে এই প্রশ্ন উঠল এবং আবাহনীর অধিনায়ক মামুন মিয়া মেনে নিলেন বাস্তবতা। রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, আবাহনীর আসলে আর কোনো চাওয়া নেই এই টুর্নামেন্ট থেকে। তবে একটা জয় পেলে একটু সম্মান বাঁচে! সেটাই চাওয়া মামুন মিয়ার কণ্ঠে, ‘‌সত্যি বলতে আমরা আগেই পথ হারিয়ে ফেলেছি। এখন আমাদের ঘরের মাঠে অন্তত একটা জয় তুলে শেষ দুটি ম্যাচ খেলতে চাই।’
এই ম্যাচ হারলে আবাহনীর বিদায় আরও আনুষ্ঠানিক হয়ে পড়বে, আর ঢাকায় জিতলে তিন পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও প্রায় নিশ্চিত হয়ে যাবে বেঙ্গালুরুর। তাই ম্যাচটা বাড়তি গুরুত্ব দিয়েই দেখছে ভারতের দলটি। গত এএফসি কাপের রানার্সআপ দলটির স্প্যানিশ কোচ আলবার্তো রোকা পিউলের কথায় সেটাই পরিষ্কার, ‘যেহেতু ম্যাচটা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে, আমরা তাই সর্বশক্তি দিয়েই খেলব। জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।’
তবে ফিরতি ম্যাচটা সহজ হবে না, সে কথা বারবারই বলেছেন বেঙ্গালুরু কোচ। তাঁর কথাটা সত্যি প্রমাণ করার দায় এখন আবাহনীরই।