আবাহনীর প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া

আবাহনীর এমন উদ্‌যাপন এএফসি কাপের প্লে-অফ শেষেও থাকবে?ছবি: আবাহনীর ফেসবুক পেজ

ঘরোয়া ফুটবলে ব্যস্ততা কমতে না কমতেই এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার প্রস্তুতি নিতে হচ্ছে আবাহনী লিমিটেডকে। ১২ এপ্রিল এএফসি কাপের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া।

প্লে-অফের বাছাইয়ে ভুটানের পারো এফসিকে ২-১ গোলে হারিয়ে প্রথম পর্বে খেলার সুযোগ পেয়েছে ভ্যালেন্সিয়া। মঙ্গলবার রাতে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে হয়েছে এই ম্যাচটি। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে গোল করে সিলেট স্টেডিয়ামে খেলা নিশ্চিত করেছে মালদ্বীপের সর্বোচ্চ ফুটবল লিগে এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া।

বসুন্ধরা কিংস আগেই জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বে
ছবি: প্রথম আলো

একই দিনে কলকাতায় মুখোমুখি হবে ভারতের মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাব। এই দুই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে ১৯ এপ্রিল। সেখানে যারা জিতবে, সেই দল পাবে এএফসি কাপের গ্রুপ পর্বের টিকিট।

গ্রুপের বাকি তিন দল হিসেবে আগেই জায়গা নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এই খেলাগুলো হবে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে।