আবাহনীর বিদায়ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের মানাং মার্সিয়াংদি কাল ভুটানের উগেন একাডেমিকে ৫-০ গোলে বিধ্বস্ত করায় আবাহনীর আশা প্রায় শেষ। সেমিফাইনালে উঠতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পুনে এফসির সঙ্গে তাদের জিততে হবে ৬ গোলের ব্যবধানে। এটা অসম্ভব বলেই ভুটানের কিংস কাপে নিজেদের বিদায়ঘণ্টা শুনতে পাচ্ছে আবাহনী।
আসাম ইলেকট্রিসিটির সঙ্গে ১-০ জয়। একই ব্যবধানে উগেনের কাছে হার। ২ গোলে এগিয়ে গিয়েও মানাংয়ের সঙ্গে ২-২ গোলে ড্র। এভাবে জেতা ম্যাচে পয়েন্ট হারানোরই মাশুলই দিচ্ছে অমলেশ সেনের দল।
আবাহনীর গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুনে এফসি সেমিফাইলে উঠেছে আগেই। কাল উগেনকে উড়িয়ে শেষ চারের টিকিট বলতে গেলে তুলেই নিয়েছে মানাং। চার ম্যাচে তাদের পয়েন্ট ৭। আবাহনী আজ জিতলে ৭ পয়েন্ট হবে, কিন্তু গোলগড়ে অনেক এগিয়ে মানাং। উগেনকে তারা ১ বা ২ গোলে হারালে আবাহনীর একটা সম্ভাবনা থাকত। কিন্তু অবিশ্বাস্যভাবে উগেনের কাছে হেরে গিয়েই খাদে পড়ে যায় বাংলাদেশের চারবারের পেশাদার লিগজয়ীরা।