আবাহনীর বিপক্ষে কোচই নেই মোহামেডানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচের বদলে ম্যানেজারই বনে গেছেন কোচ। অথচ কাল মোহামেডানের বড় পরীক্ষা। ছবি: শামসুল হক
কোচের বদলে ম্যানেজারই বনে গেছেন কোচ। অথচ কাল মোহামেডানের বড় পরীক্ষা। ছবি: শামসুল হক

আবাহনী-মোহামেডান দেশের ফুটবলের দুই ‘চিরপ্রতিদ্বন্দ্বী’। কিন্তু দর্শকপ্রিয় দুই ক্লাবের লড়াইয়ে উত্তাপটা উধাও হয়ে গেছে অনেক আগেই। স্টেডিয়ামপাড়া দূরে থাক, দুই ক্লাবে চত্বরেও পাওয়া যায় না লড়াইয়ের কোনো আমেজ। ম্যাচের ২৮ ঘণ্টা আগে আজ রোববার সকালেও মোহামেডান স্পোর্টিং ক্লাবে পাওয়া গেল না ‘ডার্বি ম্যাচে’র কোনো আবহ। এটা যেন দেশের ঘরোয়া ফুটবলে আর দশটা সাধারণ ম্যাচের মতোই একটা কিছু।

আবাহনী-মোহামেডান ম্যাচে একটি দল কোচ ছাড়া মাঠে নামবে, সেটা কল্পনাই করা যেত না একসময়। কিন্তু এখন এমন ঘটনাও ঘটে। এই যেমন মোহামেডানের কোচ সৈয়দ নঈমুদ্দিন এমন ‘গুরুত্বপূর্ণ’ একটা ম্যাচের আগে ছুটি কাটাচ্ছেন। পারিবারিক কাজে অবস্থান করছেন নিজের শহর কলকাতায়।
গত মৌসুমে লিগে ১০ নম্বরে থাকা মোহামেডান এবারের লিগটাও শুরু করেছে খুব বাজেভাবে। শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথম দুই ম্যাচেই হার সঙ্গী হয়েছে। তৃতীয় ম্যাচে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ আবাহনী লিমিটেডের বিপক্ষেও তারা যে খুব ‘সিরিয়াস’, সেটি বলা যাচ্ছে না। নঈমুদ্দিন হয়তো পারিবারিক সমস্যার কারণে দেশে চলে গেছেন, কিন্তু তাঁর বদলে যে একজন সহকারী ডাগ আউটে দাঁড়াবেন, সে উপায়ও নেই। মোহামেডানের নাকি কোনো সহকারী কোচও নেই। নেই গোলরক্ষক কোচও। মাঠ ও মাঠের বাইরে মোহামেডানের দুরবস্থা বোঝানোর জন্য এ তথ্যগুলোই যথেষ্ট।
নঈমুদ্দিন অবশ্য ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত নন। তবে তিনি নিশ্চিত করেছেন, কাল ম্যাচের আগে তাঁর ফেরার কোনো সম্ভাবনাই নেই, ‘পারিবারিক কাজে আমাকে দেশে আসতে হয়েছে। কাজটি শেষ করতে আরও দুই দিন লেগে যাবে। এরপরেই ঢাকা ফিরব। অধিনায়ক এমিলি ও ফয়সালের সঙ্গে আমার কথা হয়েছে।’