আবাহনীর ভাগ্য লিখবে যে ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে আসাম ইলেকট্রিসিটির সঙ্গে ১ গোলে জয়। পরের ম্যাচে ভুটানের উগেন একাডেমির কাছে একই ব্যবধানে হার। ভুটানের কিংস কাপের সেমিফাইনালে উঠতে তৃতীয় ম্যাচটা তাই আবাহনীর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ।
উগেনের সঙ্গে জয় থাকলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত থাকত। সে ক্ষেত্রে আজ নেপালের মানাং মার্সিয়াংদির সঙ্গে ম্যাচটা নির্ভার হয়েই খেলতে পারত তারা। উল্টো এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে প্রায় ছুটি হয়ে যাবে। যদিও ২৫ নভেম্বর শেষ ম্যাচটা আবাহনী খেলবে পুনে এফসির সঙ্গে। সে পর্যন্ত অপেক্ষায় থাকা মানে চরম অনিশ্চয়তা। তাই আজ জিতলে নিজেদের কক্ষপথে রাখা যাবে।
থিম্পুতে ফোনে যোগাযোগ করা হলে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু আগের ম্যাচে জয়ের সুযোগ হারানোর জন্য আক্ষেপ করলেন, ‘প্রথম দুই ম্যাচে ১১টি সুযোগ পেয়ে গোল হলো মাত্র একটি, একটা পেনাল্টিও নষ্ট হলো। এমন সব সুযোগ নষ্ট হয়েছে, যা অবিশ্বাস্য। এভাবে জেতা যায় না। তবে মানাংয়ের সঙ্গে জিততেই হবে, এটি আমাদের জন্য ফাইনাল।’
প্রথম দুই ম্যাচে তিন স্ট্রাইকার নিয়ে (৪-৩-৩) খেলেছে আবাহনী। সজীব-ওয়াহেদের সঙ্গে গিনির ইসমাইল বাঙ্গুরা। তবে আজ আবাহনীর পরিকল্পনা দুজন স্ট্রাইকারকে খেলানো। তিন স্ট্রাইকার নিয়ে খেললে দুজন দুই পাশে থাকেন, মাঝখানে একজন একা পড়ে যান, মাঝখান দিয়ে তাই আবাহনী চাপ তৈরি করতে পারেনি প্রথম দুই ম্যাচে। আজ কৌশল পাল্টে দুই স্ট্রাইকারকে রাখা হবে মাঝখানে।
মানাং দলটি যথেষ্ট শক্তিশালী। প্রথম ম্যাচে তারা পুনে এফসির কাছে ২-১ গোলে হারলেও পরের ম্যাচে হারিয়েছে আসাম ইলেকট্রিসিটিকে (২-১)। আজ মানাংয়েরও টিকে থাকার লড়াই। নেপালের ঘরোয়া ফুটবলের সফলতম দলটি বর্তমান লিগ চ্যাম্পিয়নও। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু ম্যাচ আবাহনীর ভাগ্য অনেকটাই লিখে দেবে কিংস কাপে।