ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ তার গৌরব হারিয়েছে। সে মর্যাদা এখন আবাহনী লিমিটেড-বসুন্ধরা কিংস ম্যাচের। স্বাধীনতা কাপের ফাইনাল তাই বাড়তি রং নিয়ে হাজির হচ্ছে ফুটবলপ্রেমীদের কাছে। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হচ্ছে সাম্প্রতিক সময়ে দেশের সফলতম দুই ক্লাব।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। তবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এ ম্যাচে বসুন্ধরাকে এগিয়ে রাখছে। সাতবার মুখোমুখি হয়ে বসুন্ধরা জিতেছে পাঁচবার। ওদিকে আবাহনীর জয় মাত্র এক ম্যাচে। সর্বশেষ ৬ ম্যাচে আবাহনীর বিপক্ষে বসুন্ধরা অপরাজিত। ২০১৮ সালের ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর একমাত্র জয়ের ম্যাচে হাতাহাতি হয়েছিল খেলোয়াড়দের মধ্যে।
ঘরোয়া ফুটবলে আবাহনীকে সরিয়ে বসুন্ধরার রাজা হয়ে ওঠার শুরুটা কোস্টারিকার দানিয়েল কলিনদ্রেসের হাত ধরে। বসুন্ধরার জেতা পাঁচ শিরোপার প্রথম তিনটিতেই ছিল কলিনদ্রেসের গুরুত্বপূর্ণ অবদান। ২০১৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ স্বাধীনতা কাপে কলিনদ্রেসের নেতৃত্বেই শেখ রাসেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা।
সেবার টুর্নামেন্টের সেমিফাইনালে বসুন্ধরার কাছে টাইব্রেকারে হেরেছিল আবাহনী। আজ সে ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ আবাহনীর। এবার যে তারা নিজেদের দলেই পাচ্ছে কলিনদ্রেসকে। ২০১৮ বিশ্বকাপ খেলা ফরোয়ার্ডের ঝলকেই এবার ফাইনালে এসেছে আবাহনী।
কলিনদ্রেসকে পেয়ে বসুন্ধরার সঙ্গে টানা হারের রেকর্ডটায় ছেদ টানতে চাইছেন আবাহনী কোচ লেমোস, ‘ফাইনালে যেকোনো কিছু ঘটতে পারে। গত কিছুদিন বসুন্ধরা জিতেছে। এবার সেটা বদলাতে চাই। ম্যাচে কলিনদ্রেসই পার্থক্য গড়ে দিতে পারে।’
সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ফ্রি–কিক থেকে একটি গোল করেছিলেন কলিনদ্রেস। ম্যাচের অন্য গোলটিও করিয়েছেন এই ফরোয়ার্ড।
টুর্নামেন্টে ৪ ম্যাচে ১১ গোল করেছে আবাহনী। দলটিতে কলিনদ্রেস ছাড়াও ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছেন নাবিব নেওয়াজ। চোট কাটিয়ে ফিরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন।
ওদিকে বসুন্ধরায় আছেন ব্রাজিলিয়ান রবসন, স্থানীয় মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম। বড় ম্যাচে জ্বলে উঠতে পারেন বসনিয়া জাতীয় দলে খেলা স্তোয়ান ভ্রানিয়েসও। তবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য হতাশা চোটের কারণে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজকে হারানো। ছিটকে গেছেন ডিফেন্ডার তপু বর্মণ ও তারিক কাজীও।
রিজার্ভ বেঞ্চ সমৃদ্ধ বলেই বসুন্ধরাকেই ফেবারিট ভাবছেন অনেকে। আবাহনীকে হারানোর কৌশলটা ভালোই জানা আছে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনের, ‘স্বাধীনতা কাপ জয় দিয়ে মৌসুম শুরু করতে চাই। ফাইনালে আবাহনী আসায় দর্শকদের কাছে ম্যাচের আকর্ষণ বেড়ে গেছে। ১৬ গোল করেছি আমরা, মাত্র ১টি গোল খেয়েছি। এখন পর্যন্ত আমরা টুর্নামেন্টের সেরা দল।’
এই ম্যাচে অবসর নিতে যাচ্ছেন ২০০৬ সাল থেকে টানা আবাহনীতে খেলা প্রাণতোষ কুমার দাস। জাতীয় দলের হয়ে ২০০৯ ও ২০১১ সালে দুটি সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছেন ৩৯ বছর বয়সী মিডফিল্ডার। তাঁর বিদায়টা রাঙাতে চাইছে আবাহনী।
শিরোপার জয়ের রথ ধরে রাখতে চাওয়া বসুন্ধরা সে সুযোগ দেবে?