আবাহনী-ব্রাদার্স ম্যাচে লাঞ্ছিত রেফারি

ম্যাচটি দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। নকআউট পর্বে জয়ের কোনো বিকল্প নেই, এমন সমীকরণ সামনে রেখেই আজ ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী-ব্রাদার্স। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সকে ২-১ গোলে হারানোর ম্যাচে যদিও দিনের আসল চরিত্র হয়ে উঠলেন সহকারী রেফারি হারুন অর রশীদ। তাঁর বিতর্কিত সিদ্ধান্তেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী।
ম্যাচের বয়স তখন ৮০ মিনিট। স্কোরলাইন ১-১। ডান প্রান্ত দিয়ে লি টাকের ক্রস থেকে হেডে গোল করেন সানডে সিজোবা। কিন্তু গোললাইনে দাঁড়িয়ে ওই বলটি ক্লিয়ার করেন ব্রাদার্সের ঘানাইয়ান ডিফেন্ডার আব্বাস ইউনুসাহ। প্রধান রেফারি মিজানুর রহমান কয়েক সেকেন্ড সময় নেন গোলের সিদ্ধান্ত দিতে। এরপর সহকারী হারুন অর রশীদের সবুজ–সংকেত মিলতেই গোলের বাঁশি বাজান। এরপরই মাঠে ঘটে লঙ্কাকাণ্ড।
বিতর্কিত সিদ্ধান্ত মানতে না পেরে মাঠে ঢুকে পড়েন ব্রাদার্সের সহকারী ম্যানেজার হাশেম মোল্লা। দৌড়ে গিয়ে রেফারি হারুন অর রশীদকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে শুরু করেন। তাঁর পেছনে পেছনে দৌড়ে মাঠে ঢুকে পড়ে ব্রাদার্সের বলবয়। এই দুজনের সঙ্গে ব্রাদার্সের খেলোয়াড়রাও সিদ্ধান্ত বদলাতে ঘিরে ধরেন রেফারিদের। চলতে থাকে রেফারিকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছনা। কিন্তু মাঠের পাশেই একেবারে নীরব দর্শকের মতো ভূমিকায় দাঁড়িয়ে থাকে পুলিশ! মারামারির ঘটনায় প্রায় মিনিট দশেক খেলা বন্ধ থাকে।
এরপর অবশ্য আবারও খেলা শুরু হয়। এর আগে ম্যাচের ৩৫ মিনিটে অগাস্টিন ওয়ালসনের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ব্রাদার্স। গোল শোধে মরিয়া ছিলেন আবাহনীর ফরোয়ার্ড লি টাক-জুয়েল রানা-সানডে সিজোবারা। কিন্তু সহজ কয়েকটি সুযোগ পেয়েও বল বাইরে মারেন সানডে ও লি টাক। ৬৯ মিনিটে কর্নার থেকে লি টাকের উড়ে আসা বলে জুয়েল রানার প্লেসিং শটে ম্যাচে ফেরে আবাহনী (১-১)। এরপর ৮০ মিনিটে সানডের গোলে গন্ডগোলের শুরু ম্যাচে। বাকি সময় অবশ্য স্কোর লাইন ৩-১ করার সুযোগ পেয়েও তা নষ্ট করেছেন আবাহনীর ফরোয়ার্ডরা।
আগামী ২৪ জুন সেমিফাইনালে আবাহনী মুখোমুখি হবে শেখ রাসেলের।