আবাহনীর রানার্সআপ-সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী ১: ০ চট্ট. আবাহনী
বিজেএমসি ২: ১ ব্রাদার্স
চ৵াম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনা হিসেবে অন্তত রানার্সআপ হতে পারল আবাহনী।
‘রানার্সআপ হতে পারল’ কথাটা কেমন শোনায়! আবাহনী তো কখনো দ্বিতীয় হতে দল গড়ে না। এই দলটির ঐতিহ্যই এমন যে লক্ষ্য সব সময় শিরোপা। সেই আবাহনী বাজে সময়ের পাকে পড়ে প্রিমিয়ার লিগে শেষ পর্যন্ত প্রথম বারের মতো রানার্সআপ হতে পেরেছে, এক অর্থে এটাও কম নয়!
আকািশ নীলদের শেষ লিগ ম্যাচে ড্র প্রয়োজন ছিল। হেরে গেলে মুক্তিযোদ্ধার সামনে দ্বিতীয় হওয়ার সুযোগ থাকত। সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধা নিজেদের শেষ ম্যাচে জিতলে দুদলের পয়েন্ট সমান হতো। সেই জটিলতায় যেতে হলো না আবাহনীকে। চট্টগ্রামে গিয়ে চট্টগ্রাম আবাহনীকে তারা কাল হারিয়েছে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ফ্রি কিক থেকে সরাসরি গোলটি করেছেন ডিফেন্ডার মিশু।
২৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৫২। দশটা ড্র, তিন হার, জয় ১৪ ম্যাচে। যার অর্থ, আবাহনী এবার প্রায় অর্ধেক ম্যাচেই জিততে পারেনি। যা কিনা দলটির ঐতিহ্যের সঙ্গে যায় না। ফেনী সকার ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দুবার করে ড্র। ব্রাদার্সের কাছে হার। এই ম্যাচগুলোতে পয়েন্ট হারিয়েই আসলে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে আবাহনী।
দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়া শেখ জামালের পয়েন্ট ২৬ ম্যাচে ৬১। শেষ ম্যাচে তারা জিতলে আবাহনীর সঙ্গে ব্যবধান থাকবে ১২ পয়েন্ট। লিগ যে এবার অনেকটাই একপেশে হলো, এটা তারই বড় প্রমাণ।
এ মৌসুমে শুধু লিগ নয়, ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপও ঘরে তুলতে পারেনি আবাহনী। হঠাৎ করে একটা শূন্যতা তৈরি হয়েছে ধানমন্ডির ক্লাবটির সাফল্য-যাত্রায়। গত মৌসুমেও নেই কোনো শিরোপা। অথচ পেশাদার লিগের প্রথম তিন আসরে চ্যাম্পিয়ন এই দলটিই। চতুর্থ লিগ ঘরে তুলেছে শেখ জামাল, তারপর আবাহনী, শেখ রাসেল ঘুরে এবার আবার শেখ জামাল।
অনুমিতভাবেই এই ফলে খুশি নয় আকািশ-নীলেরা। চট্টগ্রামে কালকের ম্যাচের পর ফোনে ধরা হলে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বললেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্যকিছু ভাবি না। ট্রফি জয়ই আমাদের শেষ কথা।’
আবাহনীর এই ট্রফি জিততে না পারার মূল কারণ, গোল করার ব্যর্থতা। অবিশ্বাস্য শোনাবে, লিগের প্রথম পর্বে নয় ম্যাচে তাদের গোল ছিল মাত্র নয়টি! দলটির প্রধান স্ট্রাইকার ওসেই মরিসন লিগের দ্বিতীয় পর্বের নয় ম্যাচে কোনো গোল পাননি। তৃতীয় পর্বে একটি হ্যাটট্রিকসহ তাঁর গোল নয়টি, প্রথম পর্বে চারটি। সব মিলিয়ে লিগের ২৭ ম্যাচে আবাহনীর গোল মাত্র ৩৬! অন্যদিকে ২৬ ম্যাচে শেখ জামাল করেছে ৭৬ গোল, আবাহনীর দ্বিগুণেরও বেশি।
আবাহনীর দুর্দশার আর কারণ খুঁজতে না যাওয়াই ভালো। এত কম গোল করে চ্যাম্পিয়ন হওয়া কঠিনই।
জেয় শেষ বিজেএমসির
ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে লিগ শেষ করল বিজেএমসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল বিজেএমসির হয়ে গোল করেন স্যামসন ও বাঙ্গুরা। ব্রাদার্সের ব্যবধান কমানো গোলদাতা রুবেল। ২৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে থাকল ব্রাদার্স। ৩০ পয়েন্ট পাওয়া বিজেএমসি সাতে।