আবাহনীর শক্তি দেখল পুলিশ

>ফেডারেশন কাপ ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ বাংলাদেশ পুলিশ ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেড। জোড়া গোল করেছেন কেভিন বেলফোর্ট এবং একটি করে গোল করেছেন নাবীব নেওয়াজ জীবন ও সানডে চিজোবা।
কোনো অঘটন নয়। বাংলাদেশ পুলিশ ক্লাবের নতুন ফুটবল মৌসুমটা বড় হারেই শুরু হলো। ফেডারেশন কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সামনে ৪-০ গোলে উড়ে গিয়েছে দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর ’মাস্তানির’ জবাব দেওয়ার অস্ত্র ছিল না পুলিশের। চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রায় ১৭ বছর পর ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ফেরার দিনটি মন মতো হলো না পুলিশের।
খেলোয়াড়দের ব্যক্তিগত যোগ্যতা বা দলীয় শক্তি, আবাহনীর চেয়ে অনেক পিছিয়ে পুলিশ। আকাশি-নীলদের একাদশে স্থানীয় সাতজনের ছয়জনই নিয়মিত জাতীয় দলের খেলোয়াড়। চার বিদেশির দুজন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা ও হাইতিয়ান ফরোয়ার্ড কেভিন বেলফোর্ট এই দেশের ফুটবলে পরীক্ষিত সৈনিক। তাঁদের আক্রমণের সামনে পুলিশকে নিরাপত্তা দেওয়ার মতো নাম নেই। অখ্যাত স্থানীয়দের সঙ্গে গড়পড়তা চার বিদেশি। স্কোর লাইনের ডিজিটও হলো তাই ৪-০। প্রথমার্ধেই হয়েছে ৩ গোল।
অবশ্য প্রথম গোলটি হজম করার আগ পর্যন্ত বোঝা যায়নি পুলিশের ওপর দিয়ে গোল বন্যা বইয়ে দেবে ফেডারেশন কাপে গত তিনবারের চ্যাম্পিয়নরা। মৌসুমের প্রথম ম্যাচ বলেই কিনা আবাহনীর জড়তা কাটতে সময় লাগল ২৯ মিনিট। এর ১৩ মিনিটের ব্যবধানেই (২৯ থেকে ৪২) হয়েছে ৩ গোল। প্রথম গোলটি নবাগত কিরগিজ মিডফিল্ডার এডগার বার্নহার্টের মাপা ফ্রি কিকে গোলমুখ থেকে বেলফোর্টের হেডে , ১-০। ৪ মিনিট পর ২-০ করেছেন নাবীব নেওয়াজ জীবন। রায়হানের লম্বা থ্রো থেকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ঘুরে দূরের পোস্ট দিয়ে বের হয়ে যাওয়ার আগে আলতো টোকায় গোলের খাতা খোলেন নাবীব। এবার তিনিই আবাহনীর অধিনায়ক।
২ গোল হজম করে পুলিশ তখন দিশেহারা। রক্ষণভাগে দৃঢ়তা ছিল না। বিরতির আগে ৩-০ করেছেন বেলফোর্ট। ৪২ মিনিটে সোহেল রানার ক্রস থেকে বক্সে বেলফোর্ট বল নামিয়ে দিলে প্রথম স্পর্শেই জোরালো শটে জালে জড়িয়ে দেন সানডে। ৬৯ মিনিটে স্পট কিক থেকে গোলের হালি পূর্ণ করেছেন বেলফোর্ট। বড় জয় দিয়েই শুরু হলো আবাহনীর নতুন মৌসুম।