আবাহনীর সঙ্গে পারে না মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই গোলে দল জেতালেন সানডে। ছবি: প্রথম আলো
দুই গোলে দল জেতালেন সানডে। ছবি: প্রথম আলো

আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপ হারিয়েছে কবে? এ নিয়ে নানা মত থাকতে পারে। তবে ‘কেন?’ এই প্রশ্নের উত্তর মিলবে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলো দেখলেই। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সানডে চিজোবার জোড়া গোলে মোহামেডানকে ২-০ ব্যবধানে হারিয়েছে আবাহনী। এ নিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিল আবাহনী। লিগে কেউ টানা চারবার হারালে, এ ম্যাচ নিয়ে আর বাড়তি উত্তাপ থাকে নাকি!

ফরোয়ার্ড সাদউদ্দিনকে রাইটব্যাকে খেলিয়েছেন আবাহনী কোচ দ্রাগো মামিচ। বোঝা যাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বীদের কতটা ‘গুরুত্ব’ দিয়েছেন সার্বিয়ান এই কোচ। তাঁর উদ্দেশ্য পরিষ্কার, আক্রমণে ধার বাড়ানো। সেই তুলনায় আক্রমণের ঝড় তোলা হয়নি আবাহনীর, কিন্তু একটু ঝাঁকুনিতেই তো সাদাকালোদের ‘গেট ওপেন’। দুই তরুণ সেন্টারব্যাক মানিক ও বাবলু বড় ম্যাচের চাপ নিতে পারেননি। এতেই ৪৪ মিনিটে পেনাল্টি উপহার পেয়েছে আবাহনী। আগ্রাসী সানডেকে পেছন থেকে ট্যাকল করে বাবলু ফেলে দিলে পেনাল্টি পায় বর্তমান শিরোপাধারীরা।
স্পটকিক থেকে ১-০ করেন সানডে। ৭১ মিনিটে নাইজেরিয়ান এই স্ট্রাইকারের দ্বিতীয় গোলটি চিতা বাঘের ক্ষিপ্রতায়। ডিফেন্ডার মানিককে পেছনে ফেলেছেন এক ঝটকায়। বাঁ প্রান্ত থেকে জীবনের ক্রস অনেক দূরে থেকে দৌড়ে এসে মাথা ছুঁয়ে দিতেই জালে।
সানডের হলো জোড়া গোল। অথচ এর আগেই পেনাল্টি থেকে মোহামেডানকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন নাইজেরিয়ান এনকোচা কিংসলে। কিন্তু ৫৮ মিনিটে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি।
আজকের ২-০ গোলের জয়ের আগে প্রথম পর্বের ম্যাচও ১-০ গোলে জিতেছিল আবাহনী। শেষ মৌসুমের দুটি ম্যাচেও জিতেছিল আকাশি-নীলরা। টানা চার জয়েই বোঝা যাচ্ছে, আবাহনীর দাপট ও মোহামেডানের টানা ব্যর্থতার পাল্লা।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩০। আর মোহামেডানের ১৭।