আবাহনীর সঙ্গে লড়ার অপেক্ষায় 'দক্ষিণ এশিয়ার মেসি'

• এএফসি কাপ খেলতে আজ ঢাকায় পা রেখেছে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়ান্ট
• ৭ মার্চ ঢাকা আবাহনীর মুখোমুখি হবে তারা
• দলটির অধিনায়ক দক্ষিণ এশিয়ার মেসিখ্যাত আলি আশফাক
• ঢাকা এসে আশফাক দাবি করলেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন
আলি আশফাক নামটা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে যথেষ্ট পরিচিত। ২০১১ সালে দিল্লি সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের এই ফুটবল তারকা জোড়া গোলে একাই ‘শেষ’ করে দিয়েছিলেন বাংলাদেশকে। ‘দক্ষিণ এশিয়ার মেসি’ নামে খ্যাত সেই আশফাক আবার ঢাকায়। এবার তিনি এসেছেন বাংলাদেশের মাটিতে এএফসি কাপে আবাহনী লিমিটেডকে চ্যালেঞ্জ জানাতে, তাঁর দল নিউ রেডিয়ান্ট ক্লাবকে নিয়ে।
আলি আশফাক দক্ষিণ এশিয়ার ফুটবলের অনেক বড় তারকা। রেডিয়ান্ট মালদ্বীপের বড় ক্লাবগুলোর একটি। আশফাকসহ দশজন জাতীয় দলের খেলোয়াড় আছেন দলটিতে। এ ছাড়া স্প্যানিশ কোচের সঙ্গে বিদেশি কোটায় আছেন তিনজন স্প্যানিশ ও একজন আফগান ফুটবলার। বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আবাহনীর জন্য তাই পুরো ব্যাপারটাই অনেক বড় চ্যালেঞ্জের। ৭ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে তারকা ফুটবলারের সংকট। সব নজর আশফাকের দিকেই। কিন্তু আশফাক নিজেকে দাবি করলেন বৃদ্ধ হিসেবে, ‘আর কত। আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি। এখন সময় তরুণদের। আমাদের দলের ১০ নম্বর জার্সিধারীকে চিনে রাখুন। এখন সময় তার।’ বোঝা গেল, নিজেকে আড়াল করতেই আশফাকের মুখে এমন কথা। তাঁর বয়স এখন ৩২। বয়স বাড়লেও পায়ে বিন্দুমাত্র মরিচা ধরেনি। এখনো তিনি দলের প্রাণভোমরা। তাঁর একমাত্র গোলেই মাজিয়া এফসিকে ১-০ গোলে হারিয়ে ঢাকার বিমানে উঠেছে রেডিয়ান্ট।
আশফাক ছাড়াও রেডিয়ান্টের আছে আলি ফাসির। গত মৌসুমে রেডিয়ান্টের জার্সিতে করেছেন ১৬ গোল। তার আগের মৌসুমে টিসি স্পোর্টসের জার্সিতে করেছিলেন ২৯ গোল। এমন খেলোয়াড়ের দিকে তো নজর রাখতেই হয়। আবাহনীর চ্যালেঞ্জটা অনেক কঠিনই মনে হচ্ছে।
এই রেডিয়ান্ট ক্লাব ঢাকার দর্শকদের কাছে খুব অপরিচিত নয়। ১৯৯১ সালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে রেডিয়ান্ট একাধিকবার মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ঢাকায় মোহামেডান জিতেছিল ৩-১ গোলে। মালেতে ২-০ গোলে। ২৭ বছরে পুরো পরিস্থিতিটাই বদলে গেছে। মালদ্বীপ এখন যেকোনো বিচারেই বাংলাদেশের চেয়ে শ্রেয়তর দল। রেডিয়ান্ট আবাহনীর চেয়ে অনেক বেশি পেশাদার।
আবাহনী যদি ২৭ বছর আগে মোহামেডান যা করেছিল, তার কাছাকাছি কিছু করতে পারে, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আনন্দিত হবেন যথেষ্টই।
সেই সুযোগ কি আশফাকরা দেবেন?