আবাহনীর সামনে নতুন শেখ জামাল
সম্প্রতি ঘরোয়া ফুটবলে বাড়তি আকর্ষণ আবাহনী-শেখ জামাল লড়াই। আকর্ষণটা আজ ফেডারেশন কাপের সেমিফাইনাল সাক্ষাতেও থাকছে। কিন্তু মাঠে নামার আগে এবার দুই দলে একটা বড় পার্থক্য থাকছে। আজ আবাহনীর সামনে দাঁড়াচ্ছে নতুন এক শেখ জামাল।
এই শেখ জামাল তারকাবহুল নয়, বরং সাদামাটা নবীনদের দল। গত কয়েক বছরে দলটি যাঁদের নিয়ে সাফল্য পেয়েছে আক্রমণের সেই ত্রিফলা এমেকা, ল্যান্ডিং আর ওয়েডসনরা দল ছেড়েছেন। প্রথম দুজন আজ শেখ জামালের শত্রুশিবির আবাহনীতে। ওয়েডসন কলকাতার ইস্টবেঙ্গলে গেছেন (সেখান অবশ্য টিকে থাকতে পারেননি)।
আক্রমণে এমেকা-ল্যান্ডিংদের জায়গা নিয়েছেন গাম্বিয়ার মোমোদু বাহ্, সলোমন কিং ও নাইজেরিয়ার রাফায়েল। এই তিনজনের দুজন খেলেন একাদশে, একজন হয়তো বদলি নামেন। তবে এঁরা এখনো প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়াতে পারেননি।
উপরন্তু আবাহনী এএফসি কাপ খেলে বেশ আত্মবিশ্বাসী। তাই সব হিসাব-নিকাশ কষে দলটির কোচ দ্রাগো মামিচ বলতে পারছেন, ‘আমরা এএফসি কাপ খেলে আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছি। ছেলেদের ফিটনেস বেড়েছে। আশা করি, এই ধারাটা আমরা ধরে রাখতে পারব এবং অবশ্যই শেখ জামালকে নিয়ে দুশ্চিন্তা করছি না।’
যদি সেটাই হয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া সাতটায় শুরু ম্যাচে আবাহনীর জেতার সম্ভাবনাই বেশি। দলীয় শক্তির সঙ্গে এএফসি কাপে ছয়টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আকাশি-নীলদেরই ফেবারিটের আসনে বসাচ্ছে। আবাহনী বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে ঢাকায় (২-০)। তিন দিন আগে কলকাতা মোহনবাগানের বিপক্ষে এগিয়ে থেকেও হয়তো জিততে পারেনি (১-১), কিন্তু ওই ম্যাচের প্রথমার্ধে যথেষ্ট ধারালো এবং পরিণত দল মনে হয়েছে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নদের।
এবার তারুণ্যনির্ভর হলেও কোয়ার্টার ফাইনালে শেখ জামাল বিদায় করে দিয়েছে বড় বাজেটের মোহামেডানকে। গত ফেডারেশন কাপের আগের দুটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এই দলটিই। গতবার অবশ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়নের সুযোগ কাজে লাগাতে পারেনি, টুর্নামেন্ট থেকে ঝরে গেছে সেমিফাইনালের আগেই। নতুন মৌসুমে তাই শেখ জামালের কোচ জোসেফ আপুসির প্রতিজ্ঞা, ‘আমরা অবশ্যই ফাইনাল খেলতে চাই।’ আবাহনী এটিকে সতর্কবার্তা হিসেবে নিতে পারে।