আবাহনীর 'নীরব' উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মৌসুম পর ঢাকা আবাহনীর প্রিমিয়ার লিগ জয়। এ আনন্দে কোচ জর্জ কোটানকে কাঁধে তুলে নাচল পুরো দল l ছবি: বাফুফে
তিন মৌসুম পর ঢাকা আবাহনীর প্রিমিয়ার লিগ জয়। এ আনন্দে কোচ জর্জ কোটানকে কাঁধে তুলে নাচল পুরো দল l ছবি: বাফুফে

‘আবাহনী, আবাহনী’ বলে কান ফাটানো চিৎকার নেই। গ্যালারিতে মেক্সিকান ওয়েভ নেই। ফুলের পাপড়ি ছিটাননি সমর্থকেরা। গোলরক্ষক সোহেল শুধু একটি ফুলের তোড়া তুলে দিলেন কোচ জর্জ কোটানের হাতে। কেউ একজন আগেই অস্ট্রিয়ান কোচের গলায় পরিয়েছিলেন রজনীগন্ধা আর গোলাপের মালা। ম্যাচ শেষে খেলোয়াড়েরা কোচকে চ্যাংদোলা করে কাঁধে তুলে নাচলেন কিছুক্ষণ। তিন মৌসুম পর প্রিমিয়ার লিগের শিরোপা উদ্ধারের উদ্যাপনে যেন বেশ কৃপণ ঐতিহ্যবাহী আবাহনী!
এমন আনন্দসন্ধ্যায় মাঠে ক্লাব কর্তারাও ছিলেন না। দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু খেলোয়াড়দের সঙ্গেই আনন্দটা ভাগাভাগি করলেন। অথচ পুরো লিগে অপরাজিত আবাহনী গত কয়েক ম্যাচ থেকেই পাচ্ছিল শিরোপার সুবাস। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করে মুক্তিযোদ্ধার সঙ্গে। তাই শিরোপা নিশ্চিত করতে আবাহনীকে জিততে হতো। দুর্বল উত্তর বারিধারাকে ৪-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয়টাও তুলে নেয় আকাশি-নীলরা। এক ম্যাচ হাতে রেখেই জিতে নেয় নিজেদের পঞ্চম শিরোপা। ৪৯ পয়েন্ট নিয়ে যথারীতি রইল সবার ধরাছোঁয়ার বাইরেই।
এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ২০০৩ সাফের সোনালি ট্রফিটা বাংলাদেশকে উপহার দিয়েছিলেন জর্জ কোটান। এরপর কয়েকবার এ দেশে ক্লাবের সঙ্গে কাজ করেছেন। এবারই প্রথম ঢাকা আবাহনীকে শিরোপা জেতাতে পারলেন। বড়দিনটি প্রিয়জনদের সঙ্গে কাটাতে পারেননি বলে দুঃখ নেই। এক দিন পর যে ‘সান্তা ক্লজ’ হয়ে চ্যাম্পিয়ন শিরোপাটাই উপহার দিলেন আবাহনীকে!
আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যে দুজনের সবচেয়ে বড় অবদান সেই লি টাক আর সানডে সিজোবা কাল মাঠে ছিলেন না! চোট আর বড়দিনের ছুটি মিলিয়ে দেশে ফিরে গেছেন ব্রিটিশ স্ট্রাইকার লি। সানডেও চোটে পড়ে গ্যালারিতে বসে দলের জয় দেখলেন। অবশ্য ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে আনন্দ তিনি করেছেন।
এবারের লিগে কাল পর্যন্ত ২১ ম্যাচে প্রতিপক্ষের জালে ৪৫টি গোল দিয়েছে আবাহনী, যার ১৯টিই সানডের; লিগের সর্বোচ্চ গোলদাতাও এই নাইজেরিয়ান। ১০টি গোল লির। এমন আনন্দের মুহূর্তে এই দুজনের কথাই ঘুরেফিরে কোটানের মুখে, ‘লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় লি টাক ও সানডে। আজকের দিনে দুজনকে সত্যি মিস করছি।’
ফেডারেশন কাপের পর লিগ শিরোপা। এই মৌসুমে দুটি ট্রফি উঠল আবাহনীর ঘরে। এই সাফল্যের পেছনে জর্জ কোটান ফুটবলারদের পরিশ্রমকে বড় করে দেখছেন, ‘পুরো মৌসুমেই ছেলেরা একটা দল হয়ে কঠোর অনুশীলন করেছে। তাই চ্যাম্পিয়ন হওয়ায় পুরো কৃতিত্ব দেব ছেলেদের। প্রথমবারের মতো লিগ শিরোপা জিততে পেরে আমিও খুব খুশি। সবচেয়ে বড় কথা একটি ম্যাচও হারিনি, এতেই বেশি ভালো লাগছে।’
আবাহনীকে চ্যাম্পিয়ন করতে পেরে সানডেও উচ্ছ্বসিত, ‘পরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারিনি। এ জন্য একটু খারাপ লাগছে। তবে সর্বোচ্চ গোলদাতা হয়েছি বলেই এবারের লিগটা বেশি স্মরণীয় আমার কাছে।’
লি-সানডের অভাবটা কাল মাঠে অবশ্য বেশি বুঝতে দেননি জুয়েল-জীবনরা।
শুরু থেকেই দাপুটে আবাহনী ১৭ মিনিটে জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায়। ৫৭ মিনিটে জুয়েল রানার ক্রসে হেড করে গোল করেন নাবিব নেওয়াজ জীবন (২-০)। ৮১ মিনিটে বক্সে জীবনকে বারিধারার মিডফিল্ডার আবদুল আলীম ফেলে দিলে পেনাল্টি পায় আবাহনী। পেনাল্টি থেকে ৩-০ করেন ইমন মাহমুদ। ৮৬ মিনিটে ফয়সাল মাহমুদ স্কোর করেন ৪-০।
লিগে আবাহনী শেষ ম্যাচটি খেলবে ৩০ ডিসেম্বর; প্রতিপক্ষ রহমতগঞ্জ। ওই দিন জিতেই হয়তো মৌসুমটা রাঙাতে চাইবে আকাশি-নীল দলটি।
রোল অব অনার
মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
২০০৭ ঢাকা আবাহনী মোহামেডান
২০০৮-০৯ ঢাকা আবাহনী মোহামেডান
২০০৯-১০ ঢাকা আবাহনী মোহামেডান
২০১০-১১ শেখ জামাল মুক্তিযোদ্ধা
২০১২ ঢাকা আবাহনী মুক্তিযোদ্ধা
২০১২-১৩ শেখ রাসেল শেখ জামাল
২০১৩-১৪ শেখ জামাল ঢাকা আবাহনী
২০১৫ শেখ জামাল শেখ রাসেল
২০১৬ ঢাকা আবাহনী চট্টগ্রাম আবাহনী