আবাহনীর 'মালদ্বীপ-চ্যালেঞ্জ'

গত সেপ্টেম্বরে মালদ্বীপের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। সে ম্যাচের ‘হ্যাটট্রিকম্যান’ আবদুল্লাহ্ আসাদউল্লাহ এখন ঢাকায়। মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস ক্লাবের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলতেই তিনি ঢাকায়। খেলাটা আবাহনীর সঙ্গে। বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন। দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব। কিন্তু এই ম্যাচের আগে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠা আসাদউল্লাহ যেন সেপ্টেম্বরে তাঁর হাতে বাংলাদেশ জাতীয় দলের করুণ পরিণতির কথা ভেবেই নির্ভার রইলেন। মনে মনে আজ সন্ধ্যায়ও স্মরণীয় কিছু করারই প্রত্যয় তাঁর। সেটি মুখে প্রকাশ না করলেও বোঝা যায়। দিনের পর দিন বিবর্ণ পারফরম্যান্সে বাংলাদেশের ফুটবল যে অনেক আগেই সমীহ হারিয়েছে মালদ্বীপের কাছে।
মালদ্বীপেরই এক ক্লাব টিসির কাছে কিছুদিন আগেই চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় হেরেছিল আবাহনী। আজ সামনে মালদ্বীপের আরও একটি ক্লাব। টিসির চেয়েও শক্তিশালী। কিন্তু চট্টগ্রামে শেখ কামাল কাপে যে আবাহনী খেলেছিল, তার চেয়ে খর্বশক্তি নিয়ে আজ মাঠে নামতে হচ্ছে আবাহনীকে। দলে নেই আরিফুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, তপু বর্মণ ও শাকিল আহমেদ। শেখ কামাল কাপের পর এঁরা আর ক্লাবে ফেরেননি। কোনো যোগাযোগও করেননি। কয়েক দিন আগে কারণ-দর্শাও নোটিশ পেয়ে অনুশীলনে যোগ দিতে চাইলে কোচ দ্রাগো মামিচ অনুমতি দেননি তাদের।
দলের শীর্ষ খেলোয়াড়দের ছাড়াই মাজিয়ার বিপক্ষে মাঠে নামছে আবাহনী। কোচ মামিচ অবশ্য এটা নিয়ে খুব একটা চিন্তিত নন। জুয়েল রানার বদলে নেওয়া হয়েছে চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়াকে। আছেন ওয়েলসের ফরোয়ার্ড জোনাথন ডেভিড। নিজেদের মাঠে, পরিচিত পরিবেশে দর্শক-সমর্থনের সামনে খেলাটাকেও বড় সুবিধা মানছেন মামিচ। তবে যে বিষয়টি আবাহনীকে সুবিধা এনে দিচ্ছে, সেটি হচ্ছে মামিচের মালদ্বীপ-অভিজ্ঞতা। বছর তিনেক আগে মালদ্বীপ জাতীয় দলের কোচ ছিলেন মামিচ। মাজিয়ার আট ফুটবলার খেলেছেন তাঁর অধীনে। যদিও এসব নিয়ে খুব একটা ভাবছেন না এই ক্রোয়াট, ‘ওদের সবার সামর্থ্য আমার জানা। তবে কাউকে ফেবারিট বলতে চাই না। ম্যাচটা হতে পারে ফিফটি ফিফটি।’
মাজিয়ার মেসিডোনিয়ান কোচ মারজান সেকুলোফস্কি টিসির বিপক্ষে চট্টগ্রামের ম্যাচটি মনে করেই আবাহনীকে ‘শক্ত’ প্রতিদ্বন্দ্বীই মনে করেন, ‘দেখুন প্রীতি টুর্নামেন্ট আর এএফসি কাপ এক জিনিস নয়। আবাহনী চট্টগ্রামে টিসির কাছে হেরে গেলেও ভালো খেলেছিল। ৬-৭টি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছিল সেদিন আবাহনী।’
মামিচ আজ খুব করে চাইছেন আবাহনীর জয়। তবে মুখ ফুটে কিছু বলছেন না। আবাহনী ফেবারিট নয়, তিনি জানেন, মানেন। কিন্তু স্বপ্নটা কিন্তু ঠিকই উঁকি দিচ্ছে তাঁর মধ্যে, ‘ফুটবলে অনেক সময় ফেবারিট না হয়েও অনেক সময় কোনো দল জিতে যায়। আমরা শেষ পর্যন্ত জিতেও যেতে পারি।’
মামিচের স্বপ্নকে অনুসরণ করেই এএফসি কাপের এই ম্যাচটি দেখতে মাঠে চলুন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচটি যে বাংলাদেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধারের এক লড়াইও।