আবাহনীর 'সৌভাগ্যের' জয়

সামর্থ্যের সেরাটা মাঠে অনূদিত করতে না পারলেও ভাগ্যকে পাশে পেল আবাহনী। তাই ফেনী সকারের বিপক্ষে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-নীলেরা। জুয়েল রানার একমাত্র গোল প্রিমিয়ার লিগে ঢাকার পরাশক্তিকে এনে দিয়েছে লিগে প্রথম জয়। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ ড্র দিয়ে লিগ শুরু করা জর্জ কোটানের দল ৪১ মিনিটে পেয়ে যায় জয়সূচক গোলটি।
জটলার মধ্যে জুয়েল রানাকে খুব বেশি কিছু করতে হয়নি। আলতো টোকায় ঠেলে দেন জালে। তাই এই গোলটাকে ‘সৌভাগ্যের গোল’ বলতে এতটুকু দ্বিধা নেই আবাহনীর কোচ জর্জ কোটানের। তাঁর পরিকল্পনা অনুযায়ী দল খেলতে না পারলে এই অস্ট্রিয়ান কোচের চোখেমুখে অতৃপ্তিটা লেগেই থাকে সব সময়। আজও তা-ই হলো। এমএ চট্টগ্রামের আজিজ স্টেডিয়ামে ম্যাচ শেষে কোটান বললেন, ‘দল মোটেও ভালো খেলতে পারেনি। আসলে আরও কাজ করতে হবে। এভাবে জিতে আমি মোটেও খুশি হতে পারছি না।’
ফেনী সকার প্রথম ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ১-১ ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে আবাহনীর সঙ্গে বেশ কিছু আক্রমণ গড়েও গোলের রাস্তা খুঁজে পায়নি। লক্ষ্যভেদে একটু নিখুঁত হতে পারলে স্কোরলাইন হতে পারত অন্যরকম। সেটি হয়নি বলেই ম্যাচের পর হতাশা ঝরল ফেনী সকারের কোচ লাডিবাবা লোলার কণ্ঠে, ‘ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল।’ খুব বাড়িয়ে বলেননি লাডিবাবা, তাঁর দল অন্তত দু-একটি গোল পেতেই পারত।