আবাহনীরও আছে 'সার্জিও রামোস'!

শিরোনামটা বাড়াবাড়ি মনে হচ্ছে? কোথায় বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতা স্প্যানিশ অধিনায়ক আর কোথায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোন এক খেলোয়াড়! কিন্তু দলের প্রয়োজন হলেই যে গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলছেন নাসিরউদ্দীন। একজন ডিফেন্ডার হয়েও যেভাবে গোলের পর গোল করে বেড়াচ্ছেন, তাতে তাঁকে ‘রামোস’ ডাকাই যায়! নাসির ও রুবেল মিয়ার গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী।
নাসিরউদ্দিন ছিলেন পুরোদস্তুর স্ট্রাইকার। জাতীয় দলেও এসেছেন স্ট্রাইকার হিসেবে। কিন্তু ২০১০ সালে জাতীয় দলের সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচ তাঁকে বানিয়ে দেন ডিফেন্ডার। এরপর থেকে রক্ষণ সামলানোই তাঁর দায়িত্ব। কিন্তু দলের প্রয়োজনে গোল করার অভ্যাসটি তাঁর রয়েই গেছে।
পয়েন্ট টেবিলে গায়ে গা লাগানো অবস্থা আবাহনী, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর। শেষ তিন ম্যাচেই হবে শিরোপার ফয়সালা। ফলে প্রতিটি ম্যাচই ফাইনাল। অথচ ৩০ মিনিট পর্যন্ত আজ গোলের মুখ খুলতে পারেনি আবাহনী। ৩১ মিনিটে রক্ষণভাগ থেকে কর্নারে গিয়ে গোল করেন নাসির। ইমন বাবুর কর্নারে দূরের পোস্ট থেকে আনমার্কড থাকা অবস্থায় প্লেসিংয়ে গোল। লিগে এটি তাঁর পঞ্চম গোল।
৬০ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন রুবেল মিয়া। গোলরক্ষক সোহেলের লম্বা কিক হেডে ক্লিয়ার করতে পারেনি ব্রাদার্সের ডিফেন্ডার বিপ্লব। সেই বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান রুবেল।
দলের প্রয়োজনে লিগের শুরু থেকেই হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলছেন নাসির। সেখান থেকে উঠে গিয়েই গোল করে দলকে জেতাচ্ছেন। লিগে পাঁচটি গোল করেছেন তিনি। আর পাঁচ ম্যাচেই জিতেছে আবাহনী। অবস্থা এমন, নাসির গোল করলে আবাহনী জয় ছাড়া মাঠ ছাড়ে না।
এই জয়ে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শেখ জামাল। আর ১৬ পয়েন্ট নিয়ে নয়ে ব্রাদার্স।