আবুধাবিতে আজ প্রীতি ফুটবল
শৃঙ্খলা ভঙ্গ, বাজে পারফরম্যান্স আর খেলার প্রতি খেলোয়াড়দের মনোযোগের অভাবে বাংলাদেশ ফুটবল দল ধুঁকছে কিছুদিন থেকে। তারই পার্শ্বপ্রতিক্রিয়ায় মামুনুল ইসলামসহ চার খেলোয়াড়কে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে। আরও কয়েকজন খেলোয়াড় নানা কারণে দলের বাইরে। বাংলাদেশ দলের অবস্থা তাই এখন আগের চেয়েও রুগ্ণ। আনকোরা কিছু নবীনের কাঁধে সওয়ার নতুন বাংলাদেশ।
এমন অপরিপক্ব দল নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে পরশু রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। ২৪ মার্চ জর্ডানের সঙ্গে ওই ম্যাচের আগে আজ আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সুযোগ। বাংলাদেশ সময় রাত নয়টায় আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুরু এই ফিফা আন্তর্জাতিক ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হবে নতুন কোচ গঞ্জালো মোরেনোর। কাল রাতে আবুধাবিতে খোঁজ নিয়ে জানা গেল, সব ঠিকঠাকই আছে। সন্ধ্যায় আল ওয়াদা স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন করেছে দল।
আমিরাতের সঙ্গে এর আগে চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ, প্রতিপক্ষের জালে কোনো গোলও করতে পারেনি। ১৯৮৮ এশিয়ান কাপের বাছাইয়ে ০-৪, একই টুর্নামেন্টে ১৯৯৯ সালে ০-৩। ১৯৯৩ বিশ্বকাপ বাছাইয়ে ০-১ ও ০-৭।