আবেগ ছুঁয়ে যাচ্ছে ক্রুইফকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকে, নেইমার, সুয়ারেজ—সবার গায়েই কমলা রঙের জার্সি। কাতালান ভাষায় লেখা বাক্যটাকে বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘তাড়াতাড়ি সেরে ওঠো ইয়োহান।’ পরশু পুরো ন্যু ক্যাম্পই ইয়োহান ক্রুইফের আরোগ্য-কামনায় গলা মিলিয়েছে একই সুরে।
দেড় হাজার কিলোমিটার দূরের আর্নহেমেও একই সুর। ভিটেসের বনাম আয়াক্স ম্যাচের ১৪ মিনিটের সময় দর্শকেরা উঠে দাঁড়ান একই সঙ্গে। এই আয়াক্সের ১৪ নম্বর জার্সি গায়েই ক্রুইফ একদা ইউরোপ কাঁপিয়েছেন। শুধু আর্নেহেমে কেন, আমস্টারডাম, রটারডাম, আইন্দহোফেনও ডাচ ফুটবল কিংবদন্তির নিরাময়-প্রার্থনায় এক হয়েছিল।
চার দিন আগে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্রুইফ। এরপর থেকেই সমবেদনার সুরে গলা মিলিয়েছে ফুটবলবিশ্ব। মেসি থেকে শুরু থেকে সবাই জানিয়েছেন, তাঁরা কঠিন সময়ে ক্রুইফের পাশে আছেন। সবার এমন শুভকামনা ছুঁয়ে গেছে ক্রুইফকে। ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফ-এ নিজের লেখা কলামে ক্রুইফ খানিকটা আবেগপ্রবণ, ‘সবার এই প্রতিক্রিয়ায় আমি খুবই গর্ববোধ করছি। তার মানে এই নয়, যা হয়েছে তাতে আমি খুশি নই। সব ক্যানসার আক্রান্তই এই শুভকামনা থেকে অনুপ্রেরণা পাবে।’
সবার প্রশ্ন একটাই, ক্রুইফের ক্যানসার আসলে কতটা গুরুতর? সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার সেটা পরিষ্কার করে বলেননি, ‘ক্যানসারের খবরটা এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ায় আমি একটু বিরক্তই হয়েছি। এখন পর্যন্ত আমি শুধু জানি আমার ক্যানসার হয়েছে। এর বেশি নয়। আরও পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।’
ক্রুইফের গুরুতর কিছু হয়নি—এই খবরটা শুনতেই ব্যাকুল হয়ে আছে ফুটবলবিশ্ব। রয়টার্স।