আবেগাপ্লুত শোয়েইনি

জার্মান-ফিনল্যান্ড ম্যাচের ৬৮ মিনিটের কথা। হঠাৎ মাঠে ঢুকে গেলেন এক দর্শক। গায়ে জার্মানির জার্সি, পেছনে লেখা ‘শোয়েইনস্টাইগার ৭’। অনাহূত অতিথি এগিয়ে গেলেন মাঠের ‘শোয়েইনস্টাইগার ৭’ জার্সির দিকে। বাস্তিয়ান শোয়েইনস্টাইগার তখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবু মেটালেন ভক্তের আবদার। সেলফি তুললেন, এরপর ধীরে ধীরে এগিয়ে গেলেন বেঞ্চের দিকে। ব্যস, শেষ হয়ে গেল একটি অধ্যায়। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মানদের প্রিয় ‘শোয়েইনি’।
২০০৪ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করেছিলেন এ-যাত্রা। সেটি শেষ হলো পরশু, ফিনল্যান্ডের বিপক্ষে দর্শকের তুমুল করতালির মধ্যে। এমন দিনেও তাই শোয়েইনির কণ্ঠে শুধু ভক্ত-সমর্থক স্তুতি, ‘আপনাদের জন্য খেলতে পেরে আমি গর্বিত। সবাই এখানে এসেছেন, এটা আমার জন্য অনেক বড় কিছু। আমার ধারণা, সবাই দেখেছেন, বিষয়টি আমাকে কতটা নাড়া দিয়েছে। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছি আজ, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না, দিনটি এত উপভোগ্য হবে।’
কী দুর্দান্তই না ছিল শোয়েইনির এই যাত্রা। যুগের পর যুগ ধরে চলে আসা সেই অপবাদ—‘জার্মানরা যন্ত্রের মতো খেলে’ সেটি ঘুচল শোয়েইনস্টাইগারদের যুগেই। তাঁর সময়েই জার্মান ফুটবলের সঙ্গে শৈল্পিক সৌন্দর্য শব্দটি যুক্ত হয়েছে। এ-যাত্রায় তিনি খেলেছেন ১২১টি আন্তর্জাতিক ম্যাচ, গোল করেছেন ২৪টি। জার্মানির পক্ষে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র তিনজন। তবু এক যুগ লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরো কৃতিত্ব দেশের মানুষকেই দিতে চান তিনি, ‘আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই সমর্থকদের। আপনাদের ধৈর্য, বিশ্বাস ও সমর্থনের জন্য ধন্যবাদ। পার্কে আপনাদের ছবি, উৎসাহ, উদ্যাপন, আবেগ—এসবই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। এটা বলতে পারি, আপনারা ছাড়া, আমার এবং আমাদের এ-যাত্রা কখনোই সম্ভব হতো না।’
এক যুগে দেশের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন, দুটি বিশ্বকাপে তৃতীয় হয়েছেন। এ কারণেই ৩২তম জন্মদিনের আগে সন্তুষ্টচিত্তেই বিদায় নিতে পারছেন শোয়েইনস্টাইগার, ‘আমি সবার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমাদের আবারও দেখা হবে, সে পর্যন্ত জাতীয় দলের জন্য শুভ কামনা।’ রয়টার্স, ফক্স স্পোর্টস।