আব্বাস যেন মুক্তিযোদ্ধার 'বীর সেনানী'

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আবাহনী লিমিটেড ও শেখ জামালের মধ্যে জমে উঠেছে শিরোপা লড়াই। টেবিলের তলানিতে থাকা দলগুলোর মধ্যেও চলছে অবনমন এড়ানোর প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলে গায়ে গা লাগিয়ে ছুটছে টেবিলের নিচের দিকে থাকা ছয়টি দল। কে কাকে টপকে যাবে, সেই লড়াইয়ে আজ ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়ে টিকে থাকার প্রয়োজনীয় ‘অক্সিজেন’ পেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
২০১২-১৩ মৌসুমে শেখ রাসেলের ‘ট্রেবল’ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আব্বাস ইউনুসা। নিজের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন সে বছরই। এবার মুক্তিযোদ্ধার হয়ে নিয়মিত মাঠে নামলেও আহামরি কোনো ঝলক দেখাতে পারেননি ঘানার এই সেন্টার ব্যাক। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় আব্বাস আজ লড়েছেন ‘বীর সেনানী’র মতো, যেন জয়ের পণ করেই মাঠে নেমেছিলেন!
জয়সূচক গোলটাও এসেছে তাঁর কাছ থেকে। ৫২ মিনিটে শ্যামল রনির কর্নারে জটলা থেকে হেডে মুক্তিযোদ্ধাকে জয়সূচক গোলটি এনে দেন আব্বাস। শুধু কি তাই, আব্বাস দলের রক্ষণভাগও সামলেছেন দাঁতে দাঁত চেপে। প্রতিপক্ষের কাছ থেকে বল কাড়ার পাশাপাশি হেডেও ছিলেন নিখুঁত। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে মুক্তিযোদ্ধা। ১৪ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১১তম ফরাশগঞ্জ।