আব্রামোভিচকে ছাড়া চেলসি ভাবতে পারছেন না টুখেল
চেলসি বিক্রি করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন ক্লাবটির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। ৫৫ বছর বয়সী রুশ ধনকুবের এই ঘোষণা দিয়েছেন গতকাল এফএ কাপের পঞ্চম রাউন্ডে লুটনের বিপক্ষে চেলসির ম্যাচের ঘণ্টাখানেক আগে। ৩-২ গোলে ম্যাচটি জেতার পর সংবাদ সম্মেলনে চেলসির কোচ টমাস টুখেল বলেছেন, আব্রামোভিচকে ছাড়া চেলসি—এমনটা তিনি ভাবতেই পারেন না!
আব্রামোভিচ চেলসি কিনেছিলেন ২০০৩ সালে। প্রিমিয়ার লিগের ক্লাবটি কেনার পর থেকেই প্রচুর অর্থ ঢালতে শুরু করেন। বলতে গেলে তাঁর মালিকানায় প্রায় প্রতিটি দলবদলের বাজারেই বস্তা বস্তা অর্থ নিয়ে খেলোয়াড় কিনতে নেমেছে চেলসি। এর ফলও পেয়েছে তারা। আব্রামোভিচ-যুগে পাঁচটি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৯টি শিরোপা জিতেছে লন্ডনের ক্লাবটি।
আব্রামোভিচ চেলসির কোচ হিসেবে টুখেলকে নিয়ে আসেন গত বছরের জানুয়ারিতে। এর মধ্যেই দলকে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন জার্মান কোচ। চেলসিতে আসার পর থেকেই টুখেল যেন আব্রামোভিচের বড় ভক্ত হয়ে উঠেছেন। কিন্তু ইউক্রেনে রুশ বাহিনীর হামলার জেরে হয়তো চেলসিতে শেষ হতে চলেছে আব্রামোভিচ-যুগ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্রামোভিচের সম্পর্ক বেশ ভালো। এ কারণে একটু চাপেই আছেন তিনি। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আব্রামোভিচ। সব মিলিয়ে চেলসি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন রুশ ব্যবসায়ী। ক্লাবটির জন্য আব্রামোভিচ মূল্য হেঁকেছেন ৪০০ কোটি ডলার।
আব্রামোভিচ আর চেলসির মালিক থাকবেন না—এটা একটু অদ্ভুতই লাগছে টুখেলের কাছে। লুটনকে হারানো ম্যাচ শেষে চেলসির জার্মান কোচ বলেছেন, ‘এ নিয়ে এখনো কথা বলার সময় আসেনি। রোমান আব্রামোভচিকে ছাড়া আমি চেলসি কল্পনাও করতে পারি না। এ কারণেই আমার কাছে এটা কঠিন এক বিষয়। এমনটা যদি হয়ই, তাহলে নিঃসন্দেহে সেটা হবে বড় এক পরিবর্তন।’
লুটন ম্যাচের আগে ঘোষণাটা এলো। বোমা ফাটানো এ ঘোষণায় তাঁর খেলোয়াড়দের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কি না—এমন প্রশ্নের উত্তরে টুখেল বলেছেন, ‘তাদের ইন্টারনেট সংযোগ আছে। তাঁরা টেলিভিশন দেখেন। তাই খবরটা তাঁরা পেয়েই গিয়েছিলেন। কিন্তু এরপরও আমাদের মনোযোগ শুধু খেলাতেই ছিল।’
টুখেল এ সময় তাঁর সব ভালোমন্দ নিয়ে কথা বলেছেন চেলসির টেকনিক্যাল পরামর্শ পিওতর চেক ও আব্রামোভিচের সঙ্গে বেশ ভালো সম্পর্ক থাকা ক্লাবের অন্যতম পরিচালক মারিনা গ্রানোভস্কাইয়ার সঙ্গে। কিন্তু মালিকানা পরিবর্তন হলে বিষয়গুলো বদলে যাওয়াই স্বাভাবিক। এ নিয়ে কি শঙ্কায় আছেন টুখেল—এমন প্রশ্নের উত্তরে জার্মান কোচ বলেছেন, ‘আমার এ নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি এ বিষয়ে খুব বেশি কিছু জানিও না। আমি তো আর প্রধান নির্বাহী বা বোর্ডের সদস্য নই। আমি নিশ্চিত, ক্লাব আমাদের আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলবে।’