সবাই 'বাপ কা বেটা' হয় না

>নিজের ছয় বছরের সন্তান মিলান পিকে মেবারাকের লেখা কবিতা সবাইকে দেখালেন বার্সেলোনার স্প্যানিশ সেন্টারব্যাক জেরার্ড পিকে।
খেলোয়াড়ের সন্তানেরা কী হবেন বড় হয়ে?
এ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র যেমন এর মধ্যেই বুঝিয়ে দিয়েছে ফুটবলে বাবার মতো রাজত্ব কায়েমের সাধ আছে তারও। ওদিকে মেসির বড় ছেলে থিয়াগো মেসি আবার অমন কোনো ইঙ্গিত দেয়নি এখনো পর্যন্ত।একই কথা বলা চলে মেসির মেজ ছেলে মাতেও-র ক্ষেত্রেও।
শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের আবার পেস বোলিংয়ে আকর্ষণ। ব্যাটিংয়ে আবার বাবার স্বভাব আয়ত্ত করছে শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ ও রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। উইকেট কামড়ে পড়ে থাকা আর কি।
জেরার্ড পিকের ছেলে মিলান পিকে আবার আলাদা। বাবার মতো খেলার মাঠে নয়, কবিতায় শব্দের খেলা দেখানোর আগ্রহ জন্মেছে তাঁর। শাকিরা-পিকে দম্পতির বড় ছেলের কলমে রয়েছে সেই ইঙ্গিত। আর তা দেখে ভুল মনে হতে পারে সেই প্রবাদবাক্যটা, ‘বাপ কা বেটা।'
‘আমার আকর্ষণীয় বাবা’ শীর্ষক কবিতা লিখেছে মিলান পিকে মেবারাক। সেখানে সে মূলত বাবা পিকের গুণগানই গেয়েছে। আসুন কবিতাটি পড়ে নেই :
‘আমার আকর্ষণীয় বাবা’
তিনি সব সময় আমাকে খুশি রাখেন
তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু
তিনি কখনো আমাকে কষ্ট দেন না
তিনি আমার সঙ্গে সব খেলা খেলেন
আর আমার সঙ্গে জেট-স্কি তে যেতে পছন্দ করেন
আমরা দুজনই গাছে চড়তে পছন্দ করি
আর পছন্দ করি মৌমাছির তাড়া খেতে
আমরা অনেক কিছুই আবিষ্কার করি
আর আমরা রাজার মতো দাবা খেলি
আমরা পানির মধ্যে লাফালাফি করতে পছন্দ করি
পছন্দ করি একে অপরকে জড়িয়ে ধরে থাকতে
আমরা পছন্দ করি সাইকেল চালাতে
আর পাহাড়ে উঠতে
আমি আমার আকর্ষণীয় বাবাকে ভালোবাসি,
যা আমাকে সব সময় আনন্দ দেয়!’
ছেলের কাব্য-প্রতিভা দেখে যারপরনাই মুগ্ধ হয়েছেন পিকে। কবিতার একটি ছবি তিনি পোস্ট করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ক্যাপশনে লিখেছেন, ‘মিলানের কবিতা। অনেক অনেক গর্বিত আমি ওকে নিয়ে!’
