ভারতের সঙ্গে বাংলাদেশ জিততে পারে, এমন একটা উচ্চাশা তৈরি হয়েছিল। কিন্তু এটি তৈরি হয়েছিল আসলে পুরোপুরি আবেগ থেকে। যে যা–ই বলুন, ভারতে ফুটবল কিছুটা হলেও এগিয়েছে, যা তারা কাল দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে ২–০ গোলে জয় তুলে নিয়ে। ভারতের ফুটবলের আজকের অগ্রগামিতার সামনে শুধু আবেগ নিয়ে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু আমরা আবেগ দিয়েই খেলতে চেয়েছি।
ভারত প্রথম তিনটি সুযোগ পেয়েছে ১৬–১৮ মিনিটের মধ্যে। আমাদের ডিফেন্ডারদের মাঝখানে এত দূরত্ব ছিল যে তাদের খুঁজেই পাওয়া যায়নি। একজনের সঙ্গে আরেকজনের দূরত্ব ৫–৬ গজ। এত দূরত্ব থাকলে প্রতিপক্ষ সুযোগ নেবেই। আবার দেখুন, ম্যাচের নায়ক সুনীল ছেত্রী দ্বিতীয় গোলটি করার সময় আমাদের ডিফেন্ডাররা কাছাকাছি ছিল।
কিন্তু ছেত্রী কোথায়, সেটা আমাদের ডিফেন্ডাররা হয়তো খেয়ালই করেনি। ডিফেন্ডারদের মনোযোগের অভাবেই ঘটেছে এটা। ডিফেন্ডিং লাইনের মাঝখানে কতটুকু জায়গা থাকবে, আমরা এখনো জানি না। হয় খুব জমাট করে ফেলা হচ্ছে, নাহয় বেশি ছড়িয়ে যাচ্ছে।
হঠাৎ এক–দুটি ম্যাচ আমরা জিতে যেতেই পারি। তাই বলে এটা বলা যাবে না যে আমাদের ফুটবলের খুব উন্নতি হয়েছে।
বাংলাদেশ দল রক্ষণ ও মাঝমাঠে দুটি ব্লক তৈরি করেছে। কিন্তু কোনো ব্লকই জমাট ছিল না। মাঝখানে যেন ফাঁক তৈরি না হয়, সেটা খেয়াল রাখা উচিত ছিল। আমাদের ফুটবলাররা বল দখলের লড়াইয়ে জেতার পর আক্রমণে যাওয়া ছিল তাদের বড় কাজ। কিন্তু তারা সময়মতো দ্রুত আক্রমণে যেতে পারেনি।
কোচের কৌশলে ভুল ছিল কি না, আমি সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু ফুটবল মাঠের সাধারণ বিষয়গুলো কেন আমরা ঠিকভাবে করতে পারব না? সেট পিসগুলো দেখুন, প্রতিটিতেই ভারতের ফুটবলাররা জিতেছে। সেট পিসে ম্যান মার্কিং অবশ্যই ঠিক করে দিয়েছিলেন কোচই। কিন্তু সেটা অনুসরণ করতে পারেনি ফুটবলাররা। তারা মাঠে নেমে সব ঠিকঠাক করতে না পারলে কী বলার আছে! আমরা আসলে যেখানে ছিলাম, সেখানেই আছি। বরং একটু পিছিয়েছি।
তাই বলে এটা বলা যাবে না যে আমাদের ফুটবলের খুব উন্নতি হয়েছে। সত্যি বলতে আমরা কাল যে রকম খেলেছি, এটিই আমাদের সামর্থ্য। এর চেয়ে বেশি আশা করলে কষ্টই পেতে হবে।
লেখক: জাতীয় ফুটবল দলের সাবেক কোচ।