আমাজন আর স্টারবাকসের চেয়েও বেশি কর দিয়েছেন কান্তে

একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ করে ফুটবল লিকস যেখানে ফুটবল বিশ্বের কদাকার রূপটা তুলে ধরছে, সেখানে এনগোলো কান্তে এক উজ্জ্বল ব্যতিক্রম। কিছুদিন পর পরই কান্তে যে কত ভালো একজন মানুষ, তার একেকটা উদাহরণ সামনে চলে আসে। সম্প্রতি প্রকাশিত তার কর প্রদান দেওয়ার বিষয়ে বিস্ময়কর তথ্য!
আমাজন আর স্টারবাকসের নাম শোনেননি এমন মানুষ বিশ্বে কমই আছেন। বিশ্বের সবচেয়ে ধনী মানুষ জেফ বেজোসের প্রতিষ্ঠান ‘আমাজন’ অনলাইনে কেনাবেচা করার অন্যতম জনপ্রিয় মাধ্যম এখন। ওদিকে ‘স্টারবাকস’ হলো বিশ্বসেরা কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বড় কোম্পানি বেশি কর দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে যদি বলা হয় এনগোলো কান্তের করের পরিমাণ আমাজন আর স্টারবাকসের সম্মিলিত করের চেয়ে বেশি, মানবেন? এমনটাই হয়েছে!
সম্প্রতি এক গবেষণায় বের হয়ে এসেছে, গত বছর স্টারবাকস আর আমাজন মোট ৬.২ মিলিয়ন পাউন্ড কর প্রদান করেছে। ওদিকে এনগোলো কান্তে একাই প্রদান করেছেন ৬.৭ মিলিয়ন পাউন্ড! বিশ্বের প্রধানতম দুই কোম্পানির প্রদান করা সম্মিলিত করের প্রমাণের চেয়ে একজন ফুটবলার বেশি কর দিচ্ছেন, ব্যাপারটা শুনতে অবিশ্বাস্য ঠেকতেই পারে।
কিন্তু কান্তে যে এমনই! জার্মান পত্রিকা ডার স্পেইগেল কদিন আগেই ফুটবল লিকসের বিভিন্ন তথ্য জানিয়েছে সবাইকে। এতে ফুটবলের কলঙ্ক গুলি প্রকাশিত হয়ে পড়েছে। নতুন এক বিদ্রোহী লিগ খেলার পাঁয়তারাও বেড়িয়ে এসেছে। কদিন আগেই এই স্পেইগেল রোনালদোর বিপক্ষে ধর্ষণের অভিযোগও এনেছিল। ফুটবলারের লুকানো সব লজ্জাও বেরিয়ে আসছে ফুটবল লিকসে। কান্তেই একমাত্র ফুটবলার, ফুটবল লিকসের তথ্য যাকে আরও মহিমান্বিত করেছে। সেটা হলো, করের হাত থেকে বাঁচার সুযোগ সৃষ্টি করে দেওয়ার পরও কান্তে অস্বীকৃতি জানিয়েছেন। নিজের আয় থেকে কর দিতে কোনো আপত্তি নেই তাঁর।
লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানোর পরের বছরই চেলসি নিয়ে নেয় কান্তেকে। এই দলবদলের আগে একটি ‘অফশোর’ প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছিল কান্তের নামে। যেটার মাধ্যমে কান্তের ছবি-স্বত্বের অর্থ জমা হবে। ফলে ইংল্যান্ডের উচ্চ কর থেকে বেঁচে যাবেন কান্তে। কর থেকে বাঁচতে ফুটবলারদের এমন কিছু করা নতুন কিছু নয়। শীর্ষ পর্যায়ের লিগের ফুটবলারদের ক্ষেত্রে এটা অনেকটাই ‘ওপেন সিক্রেট।’ কিন্তু কান্তে সেটা মানতে রাজি হননি। ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছেন। ফ্রেঞ্চ ওয়েবসাইট মিডিয়া পার্টের সূত্র জানিয়েছে, ‘এনগোলো এটা মানেনি। সে শুধু স্বাভাবিক বেতন পেলেই খুশি।’
কিছুদিন আগেই চেলসির সঙ্গে নতুন চুক্তি করেছেন কান্তে। পাঁচ বছরের এই নতুন চুক্তিতে কান্তে চেলসিতে থাকবেন ২০২৩ সাল পর্যন্ত, প্রতি সপ্তাহে উপার্জন করবেন ২ লাখ ৯০ হাজার পাউন্ড করে। কথা সেটা না, কথা হলো এই ‘অফশোর প্রতিষ্ঠান’ না সৃষ্টি করার কারণে প্রতি মাসে এখন কর বাবদ ৫ লাখ ৬৪ হাজার পাউন্ড করে গুনতে হবে কান্তেকে। তার ওপর জাতীয় বিমা বাবদ বাৎসরিক আরও ৩ লাখ পাউন্ড প্রদান করবেন তিনি। অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করলে প্রতি বছর অন্ততপক্ষে ৮ লাখ ৭০ হাজার পাউন্ড করে জমাতে পারতেন কান্তে!
ফুটবলীয় কীর্তিতে রোনালদো কিংবা মেসির ধারেকাছেও হয়তো যেতে পারবেন না কান্তে। কিন্তু এ যুগের ফুটবলের আদর্শ হওয়া উচিত এই ক্ষুদ্রাকৃতির কান্তেই। কারণ, ভালোবাসার ফুটবলকে কলঙ্ক থেকে রক্ষা করতে এমন চরিত্রেরই দরকার মাঠে, ডাগ আউটে, ফিফা ও উয়েফার মতো প্রশাসনে।