আমি আজ শুধুই মাদ্রিদ সমর্থক: কোর্তোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের জার্সিতে প্রথমবারের মতো দেখা দিলেন কোর্তোয়া। ছবি: রয়টার্স
রিয়ালের জার্সিতে প্রথমবারের মতো দেখা দিলেন কোর্তোয়া। ছবি: রয়টার্স

বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই এ খবরের অপেক্ষা। চেলসির জার্সি খুলে কবে রিয়াল মাদ্রিদের জার্সি পরবেন থিবো কোর্তোয়া। গত জানুয়ারিতে চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে গিয়েও পিছিয়ে দিয়েছেন সেটা। এরপর বিশ্বকাপের পরই ইঙ্গিত দিয়েছেন চেলসির হয়ে খেলতে চাচ্ছেন না। আর কাল গোলরক্ষকদের বিশ্ব রেকর্ড গড়ে কেপা আরিসাবালাহাকে দলে টেনে চেলসিও এক প্রকার জানিয়ে দিয়েছিল কোর্তোয়ার রিয়াল মাদ্রিদ যাত্রার কথা।

নিজের ইচ্ছা পূরণ করেছেন কোর্তোয়া। আজ প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের জার্সিতে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে পা রেখেছেন। রিয়াল মাদ্রিদ সমর্থকদের করতালিতেও ভাসলেন এই প্রথম। নিজের স্বপ্নপূরণের দিনে অবশ্য নিজেকে সমর্থকদের কাতারেই রেখেছেন কোর্তোয়া। দাবি করেছেন আজ তিনিও একজন সাধারণ মাদ্রিদ সমর্থকই।

৩৫ মিলিয়ন ইউরোর (মতান্তরে ৪০) বিনিময়ে রিয়াল তাঁকে দলে টেনেছে। লস ব্লাঙ্কোদের জার্সি চাপাতে চেলসির সঙ্গে বিদ্রোহ করেছিলেন কোর্তোয়া। রিয়ালে খেলার জন্য এমন আকুলতা দেখানোর কারণটা জানিয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক, ‘আমি আমার পরিবারের কাছে থাকতে চেয়েছি। যাদের কারণে এটা সম্ভব হলো, আমি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমার সন্তানের মাকে, যদিও আমরা এখন একসঙ্গে নই আমার কাছে সব সময় বিশেষ কিছু হয়ে থাকবে। আজ আমি শুধুই মাদ্রিদিস্তা (মাদ্রিদ সমর্থকদের নাম)। আমি আপনাদেরই একজন। হালা মাদ্রিদ (মাদ্রিদ এগিয়ে যাও)।’

মাদ্রিদে আসতে পারা যে তাঁর কাছে কত গুরুত্বপূর্ণ সেটা জানিয়েছেন এর আগেই, ‘বিশ্বের সেরা ক্লাবে আসা সহজ কাজ নয়। আমি অনেক কষ্ট করেই এখানে এসেছি। ছোট বেলা থেকেই এ মুহূর্তের স্বপ্ন দেখেছি।’ তাঁর স্বপ্নপূরণ হলেও রিয়ালের গোলবারে কে দাঁড়াবেন, এ নিয়ে সন্দেহ আছে। তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী কেইলর নাভাস এখনো কাগজে-কলমে রিয়ালের প্রথম গোলরক্ষক। কোস্টারিকান এই গোলরক্ষক বলেই দিয়েছেন, কোর্তোয়ার আবির্ভাবেও রিয়াল ছাড়ার কোনো ইচ্ছা তাঁর মধ্যে নেই।

কোর্তোয়া অবশ্য ব্যাপারটা স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন, ‘গোলরক্ষকেরা আলাদা একটা দল হয়ে থাকে। আমাদের মধ্যে সব সময় ভালো সম্পর্ক থাকে, কারণ আমরা অনেক সময় একত্রে কাটাই। চেলসিতে পিওতর চেকের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং আমরা (নাভাস ও কোর্তোয়া) দলকে শিরোপা এনে দিতে একসঙ্গে কাজ করব।’