উচ্ছ্বাস-আনন্দও এক সময় শেষ হয়। তারপর মানুষ একটু বিশ্রাম চায়। আর সেই বিশ্রামের জন্য নিজের ঘরের চেয়ে শান্তিময় জায়গা কোথায় আছে পৃথিবীতে? চ্যাম্পিয়নস লিগ জেতার উদ্যাপন-উৎসবও এক সময় শেষ হবে। তারপর শুরু হবে আরেকটা ব্যস্ত ফুটবল মৌসুমের প্রস্তুতি। মাঝের এই সময়টা যদি ঘরে ফিরে বাবা-মায়ের সঙ্গে কিছুদিন কাটাতে পারেন, ফুটবল-ভাবনা থেকে দূরে সরে থেকে কাটাতে পারেন কিছুটা নিশ্চিন্ত সময়, মন্দ কী! আলফোনসো ডেভিসও তা-ই চান। কিন্তু ফিরবেন কী করে? যেটা এখন তাঁর ঘর, কানাডার যে শহরে এখন তাঁর বাবা-মা থাকেন, সেখানে ফেরার যে উপায় নেই কোনো। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমানা বন্ধ করে রেখেছে কানাডা। বন্ধ সব উড়ান। মিউনিখ থেকে তাই কানাডার এডমন্টন শহরে ফেরার আপাতত কোনো উপায় নেই ডেভিসের।
শরণার্থীশিবিরে মাথা গোঁজার ঠাঁই মেলাই দায়, খাওয়া-দাওয়া তো পরের ব্যাপার। কখনো কখনো শুধু পানি খেয়ে ছিল ডেভিসের পুরো পরিবার
এই যে কানাডা এখন তাঁর নিজের দেশ হয়ে গেল, সেটাও এক বিস্ময়কর গল্প। মানুষের জীবনের গল্প কত বিচিত্রভাবেই-না বাঁক নেয়। ডেভিসের বাবা-মা লাইবেরিয়ান। সেই সূত্রে তিনিও লাইবেরিয়ানই। কিন্তু ডেভিসের মাতৃভূমিটা তাঁর জন্মভূমি হলো না। ২০০০ সালে নতুন শতাব্দীর শুরুর দিকে লাইবেরিয়ায় যখন ভয়ংকর এক গৃহযুদ্ধ, জীবন বাঁচাতে তখন ওই দেশ থেকে হাজারো শরণার্থী আশ্রয় নেন প্রতিবেশী ঘানার বুদুবুরাম অঞ্চলে। সেই শরণার্থীদের মধ্যে ছিলেন ডেভিসের বাবা-মাও। ডেভিসের জন্ম হলো ঘানার বুদুবুরামের সেই শরণার্থীশিবিরে। ছেলেকে বেড়ে ওঠার সময় মৌলিক সুযোগও দিতে পারেননি ডেভিসের বাবা-মা। আসলে সেই সাধ্য বা উপায়ই ছিল না। শরণার্থীশিবিরে মাথা গোঁজার ঠাঁই মেলাই দায়, খাওয়া-দাওয়া তো পরের ব্যাপার। ডেভিসের মা পরে এক সাক্ষাৎকারে বলেছেন, কখনো কখনো শুধু পানি খেয়ে ছিল তাঁদের পুরো পরিবার, শিশু ডেভিসসহ।
পাঁচ বছর শরণার্থীশিবিরে কাটানোর পর ঈশ্বর মুখ তুলে চাইলেন ডেভিসের পরিবারের দিকে। একটা পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে কানাডায় আশ্রয় মেলে ডেভিস পরিবারের। খুব আহামরি কোনো জীবন নয়, কিন্তু মৌলিক চাহিদা পূরণ নিয়ে চিন্তা অন্তত দূর হয়।
ডেভিসের ফুটবলে হাতেখড়ি এবং খেলাটার প্রতি প্রেম জন্মায় আসলে ওই সময়ে। ডেভিসের বাবা-মাও বুঝতে পারেন, ফুটবলার হওয়াটাই তাঁদের ছেলেদের নিয়তি। সেই সুযোগও পান ডেভিস। ফুটবলার হিসেবে টুকটাক সুনাম ছড়িয়ে পড়ে। এডমন্টন শহরের বেশ কয়েকটি ক্লাবে খেলার পর একটা সময় এডমন্টন স্ট্রাইকার্সে সুযোগ পান। তারপর সেখান থেকে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস একাডেমি ও মূল দলে। শুরু হয় জীবনের নতুন বাঁকবদল। তত দিনে কানাডার নাগরিকত্ব পেয়ে গেছেন ডেভিস ও তাঁর পরিবার। ভ্যাঙ্কুভার থাকার সময় এক সময় ইউরোপের ক্লাবগুলোর নজরে পড়েন ডেভিস। তারপর ২০১৮ সালের জুলাইয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি।
হোয়াইটক্যাপসের হয়ে মেজর লিগ সকারের মৌসুম শেষ করে ডেভিস বায়ার্নে যোগ দেন গত বছর জানুয়ারিতে। এরপরের গল্পটা তো রূপকথার মতো। বায়ার্নের বি দলে খেলেছে কয়েক দিন, তারপর মূল দলে। বুন্দেসলিগা অভিষেক হলো, অভিষেক হলো চ্যাম্পিয়নস লিগেও। লেফটব্যাক হিসেবে নিজের জায়গা পাকা করে ফেললেন দলে। তারপর দুদিন আগে তো প্রথম কানাডিয়ান ফুটবলার হিসেবে জিতলেন চ্যাম্পিয়নস লিগই। কানাডার জাতীয় দলে অভিষেক অবশ্য হয়ে গেছে আরও বছর দু-এক আগেই, খেলেছেন কনক্যাকাফ গোল্ডকাপেও। শরণার্থীশিবিরে জন্ম নেওয়া একটা ছেলের জন্য ১৯ বছর বয়সের মধ্যেই এত অর্জন, এর চেয়ে বেশি কী চাইবার আছে!
চ্যাম্পিয়নস লিগ জেতার পর তাই নিজের টুইটারে প্রায় পৌঁছে দুই লাখ সমর্থকের সঙ্গে সেই আবেগটাই ভাগাভাগি করেছেন ডেভিস। লিখেছেন, ‘কানাডার এডমন্টন শহরের একটা বাচ্চার জীবনের গল্প এমন হবে, কে ভেবেছিল! অনেক মানুষ হয়তো জানেই না শহরটা কোথায়! যেখানে মাইনাস ৪০ ডিগ্রির বরফ পড়ে, সেই শহরের একটা ছেলে এখন চ্যাম্পিয়নস লিগ জয়ী।’ ডেভিসের সেই টুইটে তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লিখেছেন, ‘এ এক ঐতিহাসিক মুহূর্ত। তুমি কানাডাবাসীকে গর্বিত করেছ। বিশাল জয়ের জন্য অভিনন্দন, আলফোনসো।’
সেই টুইটের জবাবেই আসলে ডেভিস জানিয়েছেন, তাঁর ঘরে ফেরার আকুতি। লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আমি কি এক সপ্তাহের জন্য দেশে ফিরতে পারি, প্লিজ?’
হয়তো মজা করেই লিখেছেন কথাটা। কারণ তিনিও জানেন, এই করোনাভাইরাসের সময়ে কানাডা সব ফ্লাইট বন্ধ করে রাখায় আপাতত তাঁর দেশে ফেরার উপায় নেই। তবু মন তো চায় একবার ঘরে ফিরে পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করতে।
মন কি আর সব সময় করোনাভাইরাস বুঝে!