‘আমি তো আর রিয়ালের ফার্গুসন নই’

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করিম বেনজেমার জোড়া গোলে মান বেঁচেছে রিয়াল মাদ্রিদের। কিন্তু জিনেদিন জিদানের ভবিষ্যৎ কী! আপাতত তাঁর মাথা থেকে চাপ একটু হলেও কমেছে। কিন্তু ইউরোপের সংবাদমাধ্যমে গুজব রটেছে, সম্ভবত এ মৌসুম শেষেই রিয়ালকে বিদায় বলে দিতে পারেন ফরাসি কিংবদন্তি।

চ্যাম্পিয়নস লিগে ১৯৯৬-৯৭ মৌসুমের পর এ প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা দেখা দিয়েছিল রিয়াল মাদ্রিদের। সেবার চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল রিয়াল।

এবার গ্রুপে শাখতার দোনেৎস্কের কাছে দুই হারের কারণে কাল বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচটি ছিল বাঁচা–মরার। এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু আশা করার ছিল না জিদানের।

সব শঙ্কার অবসান ঘটিয়ে মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারাতে পেরেছে রিয়াল, শেষ ষোলোও নিশ্চিত হয়েছে তাতে। স্প্যানিশ গণমাধ্যমে শেষ কয়েক দিন জিদানকে বরখাস্ত করার যে গুঞ্জন উঠেছিল, সেটি আপাতত চাপা পড়ে গেল।

কিন্তু জিদান কাল ম্যাচ শেষে ইঙ্গিত দিয়েছেন, রিয়ালের ডাগআউটে কোচ হিসেবে তাঁর চাকরিটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, ‘নিশ্চিত থাকুন, আমি কখনোই রিয়াল মাদ্রিদের স্যার অ্যালেক্স ফার্গুসন হতে পারব না।’

ম্যানচেস্টার ইউনাইটেডে ফার্গুসন ২০ বছরের বেশি সময় কোচের দায়িত্ব পালন করেছেন। ওল্ডট্র্যাফোর্ডে তিনি অনেকটাই হয়ে উঠেছিলেন চিরকালের অভিভাবক। কিন্তু জিদানের এত দীর্ঘ সময় সেই সৌভাগ্য হওয়ার সুযোগ নেই। এটি ফরাসি কোচও খুব ভালো করেই জানেন।

তিনি এটাও জানেন, মনশেনগ্লাডবাখের বিপক্ষে জিতে আপাতত চাপ সরে গেলেও সেটি আবারও ফিরে আসবে। জিদান তাই জানিয়ে দিলেন, ‘জানি না আমি এখানে (রিয়াল মাদ্রিদ) কত দিন থাকতে পারব। অবশ্য এটা নিয়ে ভাবি না।’

রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিদান অবশ্য ক্লাবটির কোচ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে রিয়ালের কোচ হতে পেরেছি। আমি এখানে খুশি মনেই থাকতে চাই। এমনকি সেটি কঠিন সময়ে হলেও। আমি মাদ্রিদে থাকি দীর্ঘদিন ধরে। এই থাকার সময়টা আরও বাড়ুক, আমি সেটাই চাই।’

২০১৯ সালে জিদান যখন কোচ হয়ে রিয়ালে দ্বিতীয় মেয়াদে ফিরে আসেন, তিনি কি ভেবেছিলেন, দলের এমন অবস্থা হবে! গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ না জিতলেও লা লিগা জিতেছিলেন। কিন্তু এবারের অবস্থা তথৈবচ।

বেনজেমার জোড়া গোলে জয় পেয়েছে রিয়াল
ছবি: এএফপি

লিগেও ভালো করছে না দল, চ্যাম্পিয়নস লিগে কত দূর যাওয়া যাবে, সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। এ অবস্থায় এখন সম্মান নিয়ে চলে যাওয়াই লক্ষ্য জিদানের। শোনা যাচ্ছে, এ মৌসুমের শেষেই রিয়ালকে বিদায় বলবেন তিনি।

ক্লাবের সঙ্গে তাঁর বনিবনা না হওয়া নিয়ে একটি খবর প্রকাশ করেছে ‘দারিও গোল’ নামের এক স্প্যানিশ সংবাদমাধ্যম। তারা জানাচ্ছে, ‘জিদানকে নাকি জানানো হয়েছিল এ মৌসুমে পল পগবা, সাদিও মানে আর এদুয়ার্দো কামাভিঙ্গা রিয়ালে যোগ দেবেন, কিন্তু সেটি শেষ পর্যন্ত তা হয়নি।’

এই সংবাদমাধ্যম বলছে, মৌসুম শেষ করে পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতে রিয়ালের কোচের চাকরিটা ছেড়ে দেবেন জিদান।