আমি ভালো নাকি খারাপ, রোনালদোর জিজ্ঞাসা

খেলোয়াড়দের জীবনটাই বোধ হয় এমন। সুসময়ে চারদিক থেকে ভেসে আছে প্রশংসার পর প্রশংসা। আর খারাপ সময়ে ছুটতে থাকে একের পর এক সমালোচনা। তবে ক্রিস্টিয়ানো রোনালদো সময়টা এতটা খারাপ যায়নি যে, তীব্র সমালোচনা সইতে হবে। লিগে মাত্র দুটো ম্যাচে গোল পাননি। জাতীয় দলের হয়েও দুই ম্যাচ গোলহীন কাটল। আর তাতেই রিয়াল ফরোয়ার্ডকে নিয়ে স্প্যানিশ মিডিয়ায় কত কথা!
কদিন আগে লিগে এসপানিওলের বিপক্ষে পাঁচ গোলের পর গত রাতে চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হ্যাটট্রিক। প্রতিপক্ষের জালে গোলের প্লাবন বইয়ের দেওয়ার গুরুদায়িত্বটা যেন নিজের কাঁধেই তুলে নিয়েছেন পর্তুগিজ তারকা। রোনালদোর দিনে দলও পেয়েছে বড় জয়। কদিন আগে তাঁর বিরুদ্ধে ওঠা সব সমালোচনা মনে রেখেছেন।
শাখতারের ম্যাচের পর তাই উগরে দিলেন নিজের ক্ষোভ। কথাই বললেন না স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে। বললেন কেবল স্পেনের বাইরের সাংবাদিকদের সঙ্গে। যেন স্প্যানিশ সংবাদমাধ্যমকে একটা স্থির সিদ্ধান্ত নিতে বললেন। অনুচ্চারিত কণ্ঠে বলে দিলেন, ‘আগে ঠিক করুন আমি ভালো, নাকি খারাপ।’
রোনালদো বলেছেন, ‘আগে খারাপ খেলোয়াড় ছিলাম, এখন ভালো। কারণ দুই ম্যাচে আট গোল করেছি। আমরা খুব ভালো অবস্থায় আছি। দলের এ চেষ্টাকে তুলে ধরতেই হবে।’
গত দুই ম্যাচে রিয়াল প্রতিপক্ষকে দিয়েছে ১০ গোল, খায়নি একটিও। নিজেদের রক্ষণ কতটা জমাট সেটা তো জানালেনই, প্রশংসা করলেন প্রতিপক্ষ শাখতারকেও,‘আমাদের রক্ষণ জমাট ছিল। দল ভালো করেছে। শাখতারও ভালো খেলেছে। তাদের কাছে অনেক বল ছিল। তবে দিনটা ছিল রিয়ালের। দারুণ খেলেই আমরা জিতেছি।’ তথ্যসূত্র: স্পোর্ত।