ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তাঁকে ঘিরে সর্বকালের সেরা খেলোয়াড়ের বিতর্কটা ফুটবলে অমরত্ব পেয়ে গেছে। গত কয়েক বছরে এই বিতর্কে যোগ হয়েছে লিওনেল মেসির নামও। তবে পেলের চোখে আর্জেন্টাইন ফরোয়ার্ড সময়ের সেরা হলেও তাঁর সঙ্গে তুলনায় আসার মতো নয়। তুলনা করতে গিয়ে মেসিকে ‘যুবরাজ’ উপাধিও দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি।
যুবরাজ শব্দটা এসেছে ‘ফুটবলসম্রাট’ উপাধির সূত্র ধরে। ক্যারিয়ারজুড়ে এই নামেই ডাকা হতো পেলেকে। নিজের সঙ্গে মেসির তুলনা করতে গিয়ে ৭৫ বছর বয়সী ব্রাজিলিয়ান লা ভ্যাঙ্গারডিয়াকে বলেছেন, ‘আমি যদি ফুটবলের রাজা হই, তাহলে ১৫ বছর ধরে মেসি ফুটবলের যুবরাজ। ওকে আমি রাজা বলতে পারছি না, কারণ রাজা একজনই।’
ফুটবলের সর্বকালের সেরা তো নয়ই, এই বিতর্কের দুই ‘প্রতিপক্ষ’ পেলের চোখে আর্জেন্টিনারও সেরা নন, ‘আলফ্রেডো ডি স্টেফানোকে আমার কাছে আর্জেন্টাইন তারকাদের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ মনে হয়। তিনি মেসি-ম্যারাডোনার চেয়ে বেশি পরিপূর্ণ ফুটবলার।’ গোলডটকম।