আমি সাধু নই, শয়তানও নই-রোনালদো
পাঁচ বছর পর দল লিগ চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদে তাঁর আট বছরের ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার লা লিগার ট্রফিটা ছুঁয়ে দেখার সুযোগ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই আনন্দ কোথায় চুটিয়ে উপভোগ করবেন, তা না সংবাদ সম্মেলনে তাঁকে ঘিরে ধরল বিতর্কিত প্রশ্ন। আর সে প্রশ্নে মেজাজ হারালেন রোনালদো। একটু আবেগাপ্লুতও হলেন। নইলে কি আর বলেন, ‘আমি সাধু নই। তবে আমি কিন্তু শয়তানও নই।’
ঘটনাটা পরশু মালাগার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে। ম্যাচের দুই মিনিটের মাথায় গোল করে রিয়ালকে লিগ জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন রোনালদোই। পরে করিম বেনজেমার গোলে রিয়াল জিতেছে ২-০ ব্যবধানে। পেয়েছে লা লিগার ট্রফি। ম্যাচ শেষে সতীর্থদের নিয়ে বাঁধনহারা উদ্যাপনে মেতেছেন রোনালদো, সংবাদ সম্মেলনেও ছিলেন ফুরফুরে মেজাজে। কিন্তু এরই মধ্যে এক সাংবাদিকের প্রশ্নে হঠাৎ মেজাজ বদলে গেল তাঁর।
প্রশ্নটা ছিল সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের ৪-১ জয়ের ম্যাচে রোনালদোর অঙ্গভঙ্গি নিয়ে। স্প্যানিশ কয়েকটি পত্রিকায় লেখা হয়েছে, সেল্টার খেলোয়াড়দের উদ্দেশে ওই অঙ্গভঙ্গি দিয়ে রোনালদো আসলে বার্সেলোনার কাছ থেকে সেল্টা ব্রিফকেসভর্তি টাকা ঘুষ নিয়েছে বলে ইঙ্গিত করেছেন। ওই ম্যাচে সেল্টা রিয়ালকে হারাতে পারলে লাভটা হতো বার্সেলোনার। বিতর্কিত ওই অঙ্গভঙ্গির কারণে রোনালদোর অনেক সমালোচনাও হয়েছে। এদিন সংবাদ সম্মেলনে আরও একবার ওই প্রসঙ্গটা উঠতেই রোনালদো মেজাজ হারালেন। আবেগাপ্লুত হয়ে বললেন, ‘আমার সম্পর্কে না জেনেই লোকে অনেক কিছু বলে। ব্যাপারটা কিন্তু আমাকে খুব কষ্ট দেয়, বিব্রত করে। দেখুন, আমি সাধু নই। তবে আমি কিন্তু শয়তানও নই। তবে অনেকেই আমাকে শয়তান হিসেবে উপস্থাপন করে।’
নিজের পরিবারের দোহাই দিয়ে এ ধরনের ‘অপপ্রচার’ বন্ধ করার অনুরোধ করেছেন রোনালদো, ‘আমি এ ধরনের অপপ্রচার একেবারেই পছন্দ করি না। আমার একটি পরিবার আছে। আমারও মা আছে, ছোট্ট একটা ছেলে আছে। আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমে ফালতু কথাবার্তা লেখা হলে তারাও বিব্রত বোধ করে।’
আজেবাজে কথা বাদ দিয়ে খেলা নিয়ে সমালোচনায় অবশ্য আপত্তি নেই রোনালদোর, ‘ফুটবল সমালোচকদের নিয়ে আমি উদ্বিগ্ন নই। কারণ আমি জানি, পারফরম্যান্স দিয়ে আমি ওদের মুখ বন্ধ করে দিতে পারব।’ এএফপি, ইএসপিএন।