আমিনুল-বিপ্লবের পর সোহেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল
আমিনুল
বিপ্লব
বিপ্লব

জাতীয় দলের গোলপোস্টের নিচে কে দাঁড়াবেন, বছর কয়েক আগেও এ প্রশ্নটা ছিল অবান্তর। প্রথম পছন্দ আমিনুল, তারপর বিপ্লব। তাঁদের বিদায়ের পর চলছে একটা শূন্যতা।
১৯৯৬-২০১১ পর্যন্ত জাতীয় দলে চলেছে আমিনুল-রাজ। ’৯৭-এ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা বিপ্লব ঢাকা পড়ে ছিলেন আমিনুলের ছায়ায়। বন্ধুর অবসরের পর বিপ্লব এক নম্বর গোলরক্ষক হলেন, ২০১১ সালের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় লেবাননের সঙ্গে সর্বশেষ ম্যাচ খেলেছেন। গত সাফে ডাক পেলেও খেলা হয়নি। আনুষ্ঠানিক অবসর নিতে পারেননি বলে একটু আক্ষেপ তাঁর রয়েই গেছে।
আমিনুল-বিপ্লবরা এখন অতীত। তাঁদের পরবর্তী অধ্যায়ে বাংলাদেশের গোলবারের নিচে সবচেয়ে লম্বা দৌড়ের ঘোড়াটি কে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই জন্য যে, আন্তর্জাতিক ফুটবলে বড় দলের সঙ্গে বাংলাদেশের গোলরক্ষকের ওপর ঝড়টা যায় বেশি। ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ম্যাচে তো বাংলাদেশের গোলরক্ষকই ম্যাচের ব্যস্ততম খেলোয়াড় থাকবেন বলে সবার অনুমান।
শহীদুল আলম সোহেল পরশু মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে একটু যেন ভরসা দিয়েছেন। অস্ট্রেলিয়া ম্যাচেও তাঁর একাদশে থাকার সম্ভাবনা বেশি। অথচ এই সোহেল ২০১১ সাফ খেলার পর সাধারণ সব ভুল করে দল থেকে বাদ পড়েছেন, সঙ্গে ছিল চোটও।
বাংলাদেশ দলের গোলরক্ষকের জায়গা নিয়ে আসলে ‘মিউজিক্যাল চেয়ার’ চলছে গত কিছুদিনে। লোডভিক ডি ক্রুইফ এসে সুযোগ দিলেন মামুন খানকে। তিনি ছিটকে পড়লেন দ্রুতই, দৃশ্যপটে আসা মোস্তাকও হারিয়ে গেলেন। মাঝখানে চোট কাটিয়ে আবার ফিরলেন সোহেল। এই ফাঁকে জিয়া, হিমেল এসেই বুদ্বুদের মতো মিলিয়ে গেলেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে সোহেল ও লিটনের সঙ্গী নতুন একজন—আশরাফুল ইসলাম রানা।
বলা হয়, গোলরক্ষকদের ভিত্তিটা মজবুত নয় বলেই কেউ স্থায়ী হতে পারছেন না। বিপ্লবও একমত, ‘ভালো গোলকিপার হতে চাইলে গোলকিপিংয়ের প্রাথমিক শিক্ষাটা রপ্ত করে আসতে হবে। বর্তমানে অনেক গোলকিপারের মধ্যেই তা নেই। যে কারণে ওরা টিকতে পারে না।’
আমিনুল এখানে কোচের ভূমিকাকেই দেখেন বড় করে। গোলরক্ষক ভুল করতেই পারেন, কিন্তু তাঁকে পরের ম্যাচেই ছুড়ে ফেললে ওই গোলরক্ষকের আত্মবিশ্বাস নড়ে যায়। চার-পাঁচ বছর ধরে এটি চোখে পড়ছে বলেই কোচদের কাছে আমিনুলের অনুরোধ, ‘নির্দিষ্ট একজনের ওপর আস্থা রাখলে তা দলের জন্যই ভালো। ওই গোলরক্ষকও নিজেকে তৈরি করতে পারে। কিন্তু গত কয়েক বছরে প্রক্রিয়াটি অনুসরণ করা হয়নি বলেই কেউ লম্বা সময় টিকতে পারেনি।’
সেই নির্দিষ্ট একজন কে হতে পারেন? এই প্রশ্নে আমিনুল-বিপ্লবের ভাবনায় আবার দারুণ মিল। দুজনই লম্বা সময়ের জন্য সোহেলের ওপর আস্থা রাখতে চান। আমিনুলের যুক্তি, ‘মালয়েশিয়ার সঙ্গে ও ছিল দারুণ ইতিবাচক, অসাধারণ খেলেছে। ওকেই গড়ে তোলা উচিত। অস্ট্রেলিয়ার ম্যাচে গোলরক্ষককে অনেক ব্যস্ত থাকতে হবে জানি, আমার বিশ্বাস সোহেল ভালো করবে। ওর ফিটনেসও ভালো। টানা সুযোগ দিলে ছেলেটার আত্মবিশ্বাস বাড়বে, তাতে দলেরই ভালো।’
বিপ্লব আবার সোহেলের উচ্চতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আবাহনীতে ২০০৬-১০ পর্যন্ত বিপ্লব এক নম্বর গোলরক্ষক ছিলেন, সোহেল দ্বিতীয়। কাছ থেকে তাঁকে দেখার অভিজ্ঞতা থেকে বিপ্লব বলছেন, ‘ওর ভিত্তিটা অন্যদের চেয়ে ভালো। সুযোগ পেলে নিজেকে আরও মেলে ধরতে পারবে। কোনোভাবেই উচিত হবে না এক-দুই ম্যাচ একটু খারাপ করলেই ছুড়ে ফেলা।’
আমিনুল-বিপ্লবদের লম্বা সময় টিকে থাকার এটাও বড় কারণ যে, ঘন ঘন তাঁদের যাওয়া-আসা করতে হয়নি!