আমৃত্যু রোনালদোর পাশে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ সতীর্থদের পাশেই পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো l ফাইল ছবি
রিয়াল মাদ্রিদ সতীর্থদের পাশেই পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো l ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর আর ভয় কী! কর ফাঁকির মামলা পথের কাঁটা হয়ে বিঁধছে, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সমর্থন যতটা চান ততটা হয়তো পাচ্ছেন না। তবে একটা জায়গায় রোনালদো নিঃসঙ্গ নন। রিয়াল মাদ্রিদ সতীর্থরা তাঁর পাশেই আছেন।

নিশ্চয়তাটা দিচ্ছেন মার্সেলোই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রাক-মৌসুম প্রস্তুতিতে গিয়ে রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলে দিলেন, আমৃত্যুই রোনালদোর পাশে দাঁড়াবেন তাঁর রিয়াল সতীর্থরা।

কর ফাঁকির মামলায় একটু অস্থির সময় কাটছে রোনালদোর। স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন ৩২ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ স্বীকার না করলে এবং জরিমানা না দিলে জেলও হতে পারে তাঁর। এসব ঘটনায় রিয়াল কর্তৃপক্ষের কাছ থেকে যেমন চেয়েছিলেন, তেমন সমর্থন না পাওয়ায় তিতিবিরক্ত রোনালদো রিয়াল ও স্পেন ছাড়তে পারেন বলেও গুঞ্জন ছড়ায়।

রোনালদো আসলেই রিয়াল ছাড়বেন কি না, সেটি ভবিষ্যতের হাতে তোলা। আপাতত সতীর্থরা তাঁর পাশেই দাঁড়াচ্ছেন। সতীর্থর প্রতি ভালোবাসাটা জানিয়ে দিলেন মার্সেলো, ‘ক্রিস্টিয়ানোর সঙ্গে এ ব্যাপারে (কর ফাঁকির মামলা) এখনো কথা হয়নি। ও জানে ওর সতীর্থরা আমৃত্যু ওর পাশেই থাকবে। ও যখন দলে যোগ দেবে, আমরা ওর সঙ্গে কথা বলব। বুঝতে চেষ্টা করব ও ওর মনে কী চলছে।’

প্রাক-মৌসুম প্রস্তুতিতে গিয়ে অবশ্য রিয়াল আরেকটা ঝামেলায় পড়েছে। লস অ্যাঞ্জেলেসে রিয়ালের পাশেই ক্যাম্প করেছে রিয়ালেরই সাবেক কোচ হোসে মরিনহোর বর্তমান দল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৫ সালে ডেভিড ডি গিয়ার দলবদলে ‘ফ্যাক্স-মেশিন’ নাটকের পর এমনিতেই ক্লাব দুটির সম্পর্ক ঠিক উষ্ণ নয়। আর রিয়াল ছাড়ার সময় মরিনহোর সঙ্গেও ক্লাবের সম্পর্ক ভালো ছিল না। সব মিলিয়েই কিনা, এবার প্রাক-মৌসুমে মাঠ, হোটেল সবকিছু নিয়েই লেগে যাচ্ছিল ইউনাইটেড-রিয়ালে।

২৩ জুলাই দুই দল মুখোমুখি হবে প্রস্তুতি ম্যাচে। এরপর ৮ আগস্ট মেসিডোনিয়ায় উয়েফা সুপার কাপেও প্রতিপক্ষ দুই দল। মরিনহোর সঙ্গে সম্পর্ক এই ম্যাচগুলোয় প্রভাব ফেলবে? মার্সেলো অবশ্য দুই ক্লাবের ঝামেলা নিয়ে কিছু বলেননি, তবে মরিনহোর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলেছেন, ‘মরিনহোর সঙ্গে এখনো দেখা হয়নি। তাঁর সঙ্গে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। প্রতিশোধের কোনো ব্যাপারও তাই আসছে না।’ ইএসপিএন, মার্কা।