আমেরিকায় জন্ম সিডনির ঢাকায় বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে সিডনি রিভেরা। ছবি: তানভীর আহাম্মেদ
ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে সিডনি রিভেরা। ছবি: তানভীর আহাম্মেদ
>এবারই প্রথম বাংলাদেশে খেলতে এসেছেন পুয়ের্তো রিকো জাতীয় দলের অধিনায়ক সিডনি রিভেরা। প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে ৪ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

১৭৮ র‍্যাঙ্কিংধারী পুয়ের্তো রিকোর অধিনায়ক আর কি ঝলক দেখাবেন! তাই সিডনি রিভেরার বাংলাদেশে পা রাখা নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি। আলোচনার খোরাক জুগিয়েছিল বরং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল অরল্যান্ডো সিটিতে ব্রাজিলিয়ান রিকার্ডো কাকার সঙ্গে একই ক্লাবে তাঁর থাকার সুযোগ পাওয়াটা। অরল্যান্ডের জার্সিতে মাঠে নামার সুযোগ না হলেও ৫ জানুয়ারির আগ পর্যন্তও সিডনির গায়ে ট্যাগ ছিল ‘কাকার সতীর্থ।’ কিন্তু এর পর থেকেই তাঁর নতুন পরিচয় ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতা।

সদ্য সমাপ্ত ফেডারেশন কাপে ৪ গোল করে হয়েছেন সেরা গোলদাতা। টানা দুই ম্যাচে তাঁর জোড়া গোলের ওপর ভর করেই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছিল পুলিশ। চার গোলের দুটিই ছিল বিশ্বমানের। শেষ আটে সাইফের বিপক্ষে যাঁরা পুলিশের ম্যাচটি দেখেছেন, প্রথম গোলটি এখনো তাঁদের চোখে লেগে থাকার কথা। পেনাল্টি আর্কের ওপর থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠান্ডা মাথায় জোরালো প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দেওয়া।

তবে শুধু গোলের সংখ্যা দিয়েই সিডনিকে বিচার করা যাবে না। পুলিশের সাইপ্রাসের কোচ নিকোলা ভিতরোভিচের দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচে গড়ে ১২ কিলোমিটার (জিপিএস রেকর্ড) দৌড়ান সিডনি। একজন ফরোয়ার্ডের জন্য পরিসংখ্যানটা কপালে চোখ তুলে দেওয়ার মতো। এতেই বোঝা যায় মাঠে কতটা পরিশ্রম করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। ঢাকায় ৪-১-৪-১ ফরমেশনে খেলেছেন ‘সেকেন্ড স্ট্রাইকার’ হিসেবে। প্রতিপক্ষ রক্ষণভাগকে তাড়া করতে তাঁর জুড়ি নেই। আবার নিজেদের রক্ষণকে সহযোগিতার জন্য প্রয়োজনে নিচে নেমেও আসেন দ্রুত।

সিডনির জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সেখানেই বেড়ে ওঠা। ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত পুয়ের্তো রিকোয় ক্লাব দলের হয়ে খেলা শুরু। ২০১৯ সালে কনক্যাকাফ নেশন্স কাপে গ্রেনেডার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক। সবচেয়ে অবাক করা ব্যাপার, জাতীয় দলের জার্সিতে ব্যক্তিগত তৃতীয় ম্যাচে হন্ডুরাসের বিপক্ষেই সিডনি রিভেরার হাতে উঠে যায় অধিনায়কত্বের আর্মব্যান্ড। পুয়ের্তো রিকোর হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২টি।

সিডনির আজকের অবস্থানে আসার পেছনে মূল কৃতিত্ব দেওয়া হয় অরল্যান্ড সিটিতে যোগ দেওয়া। দলটির হয়ে মাঠে নামার সুযোগ না হলেও পেশাদার ফুটবলের পাঠটা সেখান থেকেই শেখা। সাবেক ব্রাজিলিয়ান তারকাকে দেখে শিখেছেন কীভাবে গড়ে ওঠে একজন পেশাদার ফুটবলার, ‘অরল্যান্ডে দেখেছি কাকার ব্যক্তিগত ফিজিও ছিল। দলের অনুশীলনের বাইরে যে জিমে ও মাঠে কাকার সঙ্গে সব সময় থাকত। পরে আমিও একজন ফিজিও সহায়তা নিই। অবশ্য তাকে আমি কোনো অর্থ দিতাম না।’

বাংলাদেশে আসার আগে খেলেছেন আমেরিকার ক্লাব ফিলাডেলফিয়া ফিউরিতে। তবে একটি মাত্র ম্যাচ। আমেরিকা থেকে বাংলাদেশ এসেই বাজিমাত। সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্য না থাকলেও নিজের ওপর ছিল আত্মবিশ্বাস, ‘আমার নিজের ওপর আমার বিশ্বাস আছে। আমার পরিশ্রমের ওপর আস্থা আছে। আমি শুধু চেয়েছি আমার দায়িত্ব পালন করে দলকে সহযোগিতা করা। ব্যক্তিগত কোনো লক্ষ্য ছিল না।’

কেমন লাগছে বাংলাদেশ ও এই দেশের ফুটবল? ঢাকার বাইরে কেবল ময়মনসিংহে যাওয়া হয়েছে সিডনির। যত টুকু দেখেছে ও কেটেছে, তাতে সুখেই আছেন সিডনি, ‘বাংলাদেশে খেলার সুযোগ করে দেওয়ার জন্য পুলিশ দলকে ধন্যবাদ। একেবারেই ভিন্ন পরিবেশের নতুন একটি দেশে আসলেও আমি এখানে খুব ভালো ভাবে মানিয়ে নিয়েছি। মাঠে খুব মজা করছি, আনন্দ নিয়ে খেলছি। দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের অনেক ধন্যবাদ। সব মিলিয়ে লম্বা পথ পাড়ি দেওয়ার পথে শুরুটা হয়েছে খুবই ভালো।’

বর্তমানে নিউ জার্সিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। বাংলাদেশে এসে পাওয়া তাঁর সাফল্য নিয়ে পরিবার থেকে শুরু করে জাতীয় দলের সতীর্থ খেলোয়াড়েরা সবাই রোমাঞ্চিত, ‘পরিবার ও জাতীয় দলের সতীর্থ খেলোয়াড় ও কোচিং স্টাফরা আমার অর্জনে আনন্দিত। তাঁরা ভালো করেই জানে বাংলাদেশে সাফল্য এশিয়ান অঞ্চলে আমার জন্য বড় সুযোগ খুলে দিতে পারে।’