আয়াক্সকে হারিয়ে জয়ে ফিরল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের গোলেই কাল প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা ছবি: এএফপি
নেইমারের গোলেই কাল প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা ছবি: এএফপি

প্যারিস সেন্ট জার্মেইঁয়ের বিপক্ষে ম্যাচটায় হেরে চ্যাম্পিয়নস লিগ যাত্রায় এক বড় ধাক্কাই খেয়েছিল বার্সেলোনা। কিন্তু কাল আয়াক্সকে ৩-১ গোলে হারিয়ে যাত্রাপথে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছেন লুইস এনরিকের শিষ্যরা। জয়ের নায়ক বিশেষভাবে কেউ না হলেও টানা পঞ্চম ম্যাচে মেসি-নেইমারের গোল-যুগল আপাতদৃষ্টিতে সহজ এক জয়ই এনে দিয়েছে তাদের। অপর গোলটি এসেছে সান্দ্রো রামিরেজের পা থেকে।
আয়াক্স ​কি কাল একটু বেশিই ‘সম্মান’ দিয়ে ফেলেছে বার্সেলোনাকে। আয়াক্স কোচ ফ্রাঙ্ক ডি বোর তো পুরো খেলাটাকে সেভাবেই বিশ্লেষণ করছেন। বার্সেলোনা যে কাল অতিরিক্ত ‘সম্মান’ পেয়ে বর্তে গেছে, তার প্রমাণ কোচ এনরিকে দ্বিতীয়ার্ধেই তুলে নিয়েছিলেন মেসি, নেইমার ও ইনিয়েস্তাকে। তুলে নেবেন না-ই বা কেন, প্রথমার্ধেই যে খেলাটা আশি ভাগ জিতে নিয়েছে বার্সেলোনা। খেলার একেবারে শেষলগ্নে (৮৮ মিনিট) এসে আয়াক্স আনোয়ার এল গাজির মাধ্যমে একটি গোল শোধ করে সবাইকে নড়েচড়ে বসালেও তা বার্সেলোনাকে বিপদে ফেলার জন্য যথেষ্ট ছিল না। উল্টো বেশি আক্রমণাত্মক হয়ে অতিরিক্ত সময়ে আরও একটি গোল হজম করে মোটামুটি বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আয়াক্সকে।
খেলার শুরুতেই মেসির পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন নেইমার। ২৪ মিনিটে ডানপ্রান্তে ইনিয়েস্তা বল পেয়ে মেসিকে উদ্দেশ করে আয়াক্স বক্সের বাঁ দিকে যে বলটি বাড়ান, তা ধরে তেড়ে-ফুঁড়ে গোল করে দলকে আবারও এগিয়ে দেন মেসি। মেসি ও নেইমারের এই দুই গোলে প্রথম আধ ঘণ্টার মধ্যেই খেলাটা শতকরা আশি ভাগ ঝুঁকে পড়ে বার্সেলোনার দিকে। আয়াক্স মাঝেমধ্যে আক্রমণের ঝলক দেখালেও তা বার্সা রক্ষণের জন্য খুব একটা ভীতিকর কিছু ছিল না। ৮৮ মিনিটে আনোয়ার এল গাজির ব্যবধান কমানো গোলটি আয়াক্সকে কিছুটা আক্রমণাত্মক বানিয়ে ফেললেও উল্টো সান্দ্রোর গোল বার্সেলোনাকে এনে দেয় দারুণ জয়টি। সান্দ্রোর গোলটি আসে খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে যাওয়ারও পরে, অতিরিক্ত সময়ে।
এই মৌসুমে মেসি-নেইমার জুটির বৃহস্পতি যে তুঙ্গে, সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত বার্সেলোনার করা ২৮টি গোলের ১৯টিই এসেছে এই যুগলের পা থেকে। কাল মেসি নেইমারকে দিয়ে যেমন প্রথম গোলটি করিয়েছেন, ঠিক তেমনি তাঁর আরও একটি দারুণ পাস থেকে দুর্ভাগ্যের কারণে গোল পাননি পেদ্রো। পেদ্রো রদ্রিগুয়েজের শটটি আয়াক্সের বারপোস্টে লেগে প্রতিহত হয়।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ছয় মিনিটে আগে ইনিয়েস্তা দারুণ ব্যক্তিগত স্কিলে আয়াক্সের তিন ডিফেন্ডারকে কাটিয়েও গোলরক্ষক সিলেসেনের দৃঢ়তায় গোল পাননি। ইনিয়েস্তার শটটি দক্ষতার সঙ্গেই ফিরিয়ে দেন সিলেসেন।
আয়াক্সের বিপক্ষে পাওয়া মেসির গোলটি তাঁকে এনে দাঁড় করিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে। চ্যাম্পিয়নস লিগে এই দুই মহাতারকার গোলের সংখ্যাই এখন ৬৯। রাউল গঞ্জালেসের ৭১ গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে দুজনেরই প্রয়োজন আর মাত্র ৩টি গোল।
আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচেও শনিবারের ‘এল ক্লাসিকো’ মাথায় রেখেছিলেন কোচ লুইস এনরিকে। প্রথমার্ধের পরপরই মেসি, নেইমার, ইনিয়েস্তাকে তুলে নেওয়া এর একটি বড় প্রমাণ। তবে ‘খেলাটি প্রধমার্ধেই শেষ হয়ে যাওয়ার’ অভিযোগ স্বীকার করেননি এনরিকে। তিনি বলেছেন, আমি এটা মনে করি না। আমরা মোটেও খেলাটি নষ্ট করে দিইনি। ৮৮ মিনিটে আয়াক্সের গোল পাওয়া এর সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়ে আমরা ম্যাচের কর্তৃত্ব নিজেদের হাতে রেখেছিলাম। কিন্তু আয়াক্স তো একটা গোল পেল। সেটা একটা ভুলের কারণেই।’
রিয়ালের বিপক্ষে শনিবারের ‘এল ক্লাসিকো’ যে এনরিকে খুব ভালোভাবেই মাথায় রেখেছেন, সেটা বোঝা যাবে তাঁর পরের কথাতেই, ‘আজকের ম্যাচটা জিতে আমি যথেষ্টই খুশি। এই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শনিবারের ম্যাচটিতে মাঠে নামার আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেবে। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকার কারণে আমরা রিয়ালের সঙ্গে ম্যাচটি যেকোনো মূল্যেই জিততে চাই।’
ফুটবলে প্রতিপক্ষকে সম্মান জানানোর কোনো উপায় নেই বলেই নিজ শিষ্যদের জানিয়ে দিয়েছেন আয়াক্স কোচ ডি বোর, ‘আমি জানি আমাদের দলটা নতুন, অনভিজ্ঞ। কিন্তু ওদের বলে দিয়েছি, বার্সেলোনার মতো প্রতিপক্ষের বিপক্ষে নিজের মান বজায় না রেখে খেললে প্রতিপক্ষকে অতিরিক্ত সম্মান জানানো হয়ে যায়। যেটা এই পর্যায়ে মোটেই গ্রহণযোগ্য নয়।’ সূত্র: এএফপি।