আর এক ধাপ পেরোলেই বিশ্বকাপে রোনালদোরা

ফাইনালে উত্তর মেসিডোনিয়াকে হারালেই বিশ্বকাপে জায়গা করে নেবেন রোনালদোরাছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় পাহাড়সম চাপ। জিততে হবেই। না জিতলে কাতার বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাঁর চেয়েও গুরুত্বপূর্ণ, ম্যাচ হারলে রোনালদোকে হয়তো আর কখনই বিশ্বকাপের মঞ্চে দেখা যেত না। কারণ, আগামী বিশ্বকাপ আসতে আসতে রোনালদোর বয়স হতো ৪১। ৪১ বছর বয়সে রোনালদো পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলবেন, এমন আশা হয়তো তাঁর পাঁড় ভক্তও করবেন না।

যাক। ২০২৬-এর চিন্তা এখনই করতে হচ্ছে না রোনালদো-ভক্তদের। আপাতত সকল চিন্তা ২০২২ সালের কাতার বিশ্বকাপেই সীমাবদ্ধ। ওতাভিও, দিওগো জোতা আর ম্যাথিউস নুনেসের গোলে তুরস্ককে আজ ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। নিশ্চিত করেছে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ফাইনাল খেলা। ফাইনালে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে লড়বে তাঁরা। সে ম্যাচে জিতলেই কাতার বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাবেন রোনালদোরা।

প্লে-অফ ফাইনালে পর্তুগাল
ছবি : রয়টার্স

ম্যাচ জেতার জন্য রোনালদো যে কতটা উদগ্রীব, সেটা প্রথম থেকেই বোঝা গেছে। কিন্তু ভাগ্য যেন সাহায্য করছিল না তাঁকে। শুরুতেই একটা সহজ সুযোগ নষ্ট করেন গোল করার। ১১ মিনিটে রোনালদোর দেখাদেখি গোল করার সুযোগ নষ্ট করেন দিওগো জোতাও। দুই ফরোয়ার্ডের গোল মিস করার হিড়িক দেখেই কি না, মাঝমাঠ থেকে এগিয়ে এলেন দুই মিডফিল্ডার বের্নার্দো সিলভা ও ওতাভিও। ১৫ মিনিটে বের্নার্দোর শট পোস্টে লাগলে ফেরত আসা বলে পা ঠেকিয়ে দলকে এগিয়ে দেন ওতাভিও।

গোল খেয়েই যেন জেগে ওঠে তুরস্ক। চেঙ্গিজ উনদের ও বুরাক ইলমাজদের কল্যাণে কয়েকটা গোলের সুযোগ সৃষ্টি করলেও শেষমেশ গোলের দেখা পায়নি তাঁরা। উলটো ওতাভিওর ক্রসে মাথা ছুঁইয়ে ৪২ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জোতা। জাতীয় দলের জার্সি গায়ে হেড করে গোল করার ব্যাপারটাকে অভ্যাসে পরিণত করছেন যেন জোতা। পর্তুগালের হয়ে জোতার শেষ পাঁচটা গোলই এসেছে মাথা থেকে।

পরে দুর্দান্তভাবে ফিরে আসে তুরস্ক। পর্তুগিজ রক্ষণের ফাঁকফোকর বের করে সামনে এগিয়ে যাওয়া ইলমাজের দিকে রক্ষণচেরা পাস পাঠান উনদের। ৬৫ মিনিটে ব্যবধান কমানো তুরস্ক স্বপ্ন দেখতে থাকে সমতায় ফেরার। সে স্বপ্ন আরেকটু হলে বাস্তব হয়েই যাচ্ছিল।

৮২ মিনিটে পর্তুগালের অভিজ্ঞ সেন্টারব্যাক হোসে ফন্ত বক্সের মধ্যে তুরস্কের ফরোয়ার্ড এনেস উনালকে অন্যায়ভাবে ফেলে দিলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় তুরস্ক। কিন্তু সেখান থেকে পাওয়া সুযোগটা হেলায় হারান ইলমাজ, বল মারেন পোস্টের ওপর দিয়ে। শেষে তুরস্ককে আর ফিরে আসার সুযোগ দেননি ম্যাথিউস নুনেস। গোল করে ব্যবধান বাড়িয়ে নিশ্চিত করেছেন দলের জয়। রোনালদো যে খুব ভালো খেলেছেন, বলা যাবে না। বেশ কয়েকটা সহজ সুযোগ নষ্ট করেছেন, ফাঁকা পোস্টের সামনে ঠিকঠাক শট মারতে পারেননি। অফসাইডে দাঁড়িয়ে থেকে গোলের সুযোগ হারিয়েছেন, বাইসাইকেল কিক করতে গিয়ে বলে পা লাগাতে পারেননি। তবে জোতা-বের্নার্দোদের কল্যাণে সেই খামতিগুলো বড় হয়ে দেখা দেয়নি।

আর তাতেই বিশ্বকাপ স্বপ্নটা জিইয়ে থেকেছে রোনালদোর।