আর একটা জয় চান মার্টিনো
সর্বশেষ উদাহরণ গত বছরের কোপার ফাইনাল, এর আগেরটি ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল। দুটিতেই হারতে হয়েছে আর্জেন্টিনাকে।
কাল যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে কোপায় আর্জেন্টিনার আরও একটা ফাইনাল। এবার কি হবে?
বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে স্বপ্নভঙ্গ হওয়া আর্জেন্টিনার কোচ ছিলেন আলেজান্দ্রো সাবেলা। তবে গত বছর চিলির কাছে কোপার ফাইনালে টাইব্রেকারে হারটা টাটা মার্টিনোর অধীনেই। খুব কাছে গিয়ে স্বপ্নভঙ্গের অভিজ্ঞতা আছে বলেই এবার সতর্ক আর্জেন্টিনা কোচ, ‘গত বছরও আমরা এই জায়গায় ছিলাম, তার আগের বছরও। এবার আমরা শেষ পর্যন্ত কোথায় থাকব, সেটি বোঝা যাবে রোববার ফাইনালের পর। ওই ম্যাচ দিয়েই আমাদের বিচার করতে হবে। সেটির পরই বোঝা যাবে আমরা সেরা, নাকি সেরা নই।’
অবশ্য এখন পর্যন্ত এ টুর্নামেন্টে নিজের দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট মার্টিনো। মার্টিনোর কণ্ঠে তাই তাঁর খেলোয়াড়দের প্রশংসা, ‘ছেলেরা প্রতিটি ম্যাচেই উন্নতি করছে। আশা করছি, এটা ওরা ধরে রাখতে পারবে।’ আলাদা করে বললেন মেসির কথাও, ‘খুব ভালো লাগছে যে বিশ্বসেরা খেলোয়াড় এই টুর্নামেন্টেও আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। ওকে নিয়ে আমরা সবাই গর্বিত।’
সেমিফাইনালে হেরে গেলেও প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান, ‘আজ রাতেই ওরা দেখিয়ে দিয়েছে কেন ওরা বিশ্বের এক নম্বর দল। মেসি, হিগুয়েইন, মাচেরানোদের জন্য প্রশংসাই যথেষ্ট নয়। আমি আমার দলের খেলোয়াড়দের বলেছি, এ হারে লজ্জার কিছু নেই।’ এএফপি, রয়টার্স।