আর কামড় দেবেন না সুয়ারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সায় অনুশীলনে সুয়ারেজ। অবশ্য ম্যাচে নামতে আরও মাস তিনেক অপেক্ষা করতে হবে তাঁকে। ছবি: রয়টার্স
বার্সায় অনুশীলনে সুয়ারেজ। অবশ্য ম্যাচে নামতে আরও মাস তিনেক অপেক্ষা করতে হবে তাঁকে। ছবি: রয়টার্স

‘ভুল সবই ভুল’—লুইস সুয়ারেজ বুঝতে পেরেছেন ভুল হয়েছে তাঁর, বড্ড ভুল! তবে বুঝতে একটু দেরিই হয়েছে! গত বছর চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের বাহুতে কামড় বসানোর পর যে শাস্তি পেয়েছিলেন, তাতেই বোঝা উচিত ছিল—এ অপকর্ম আর নয়! বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড় দিয়ে চার মাসের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়ে উরুগুয়ে স্ট্রাইকারের বুঝি এবার বোধোদয় হয়েছে। বলছেন, নিজের ভুলটা তিনি বুঝতে পারছেন।
এরই মধ্যে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন সুয়ারেজ। কাতালান জায়ান্টের অনুশীলন জার্সি পড়ে বললেন, ‘যে ভুল করেছি, তার মাশুল গুনতে হচ্ছে আমাকে। এর জন্য ক্ষমা চেয়েছি। সব কিছু ভুলে যেতে হবে আমাকে। বার্সাতে আমার ভবিষ্যত্ নিয়েই ভাবছি। এ ক্লাবে খেলা ছিল বহু দিনের স্বপ্ন।’ ভালো। ভুল বুঝতে পারলে নিজের তো বটেই, ভালো বার্সা ও উরুগুয়েরও। নিজ মুখে প্রতিশ্রুতি অবশ্য দেননি। তবে ধরে নেওয়া যায়, এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর কামড়-কাণ্ডে নিজেকে জড়াবেন না সুয়ারেজ।
এ মৌসুমে লাতিন আমেরিকার সেরা তিন ফরোয়ার্ড (লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজ) নিয়ে মাঠে নামবে বার্সা। তবে নিষেধাজ্ঞার কারণে ২৫ অক্টোবর পর্যন্ত সুয়ারেজকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সাকে। কিন্তু এখনই তর সইছে না গত মৌসুমে ইংলিশ লিগ মাতানো বার্সা ফরোয়ার্ডের। বললেন, ‘ফুটবলার হিসেবে নিজেকে ভাবতে অসাধারণ লাগে। সতীর্থদের সঙ্গে থাকতেও ভীষণ ভালো লাগে। মাঠে নামতে আর তর সইছে না!’ এএফপি।