আর খেলবেই না এলদেন্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের ধাক্কা কত বড় হতে পারে? পেশাদার ফুটবলে সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। পিএসজি যেমন চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার কাছে অবিশ্বাস্য হারের ধাক্কা সামলেই জিতেছে ফরাসি লিগ কাপও। কিন্তু স্পেনের তৃতীয় বিভাগের দল এলদেন্স সেই ধাক্কাই সামলে উঠতে পারছে না! বার্সেলোনা ‘বি’ দলের কাছে ১২-০ গোলে হারা ক্লাবটি তাই সাময়িকভাবে খেলাধুলা-সংশ্লিষ্ট সব কর্মকাণ্ডই স্থগিত করে দিয়েছে!
ভ্যালেন্সিয়ার এ ক্লাবটির যাত্রা শুরু হয়েছিল সেই ১৯২১ সালে। কিন্তু সম্প্রতি বার্সেলোনা ‘বি’ দলের কাছে এই হার তাদের সবকিছুই ওলট-পালট করে দিয়েছে। এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মৌসুমের বাকি ম্যাচগুলো আর খেলবে না এলদেন্স। ক্লাবের ইতালিয়ান পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। পরশু ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাময়িকভাবে খেলাধুলা-সংশ্লিষ্ট সব কর্মকাণ্ডই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সে ম্যাচে বসে থাকতে বাধ্য হওয়া স্ট্রাইকার শেখ সাদ দাবি করেছেন, ম্যাচটা পাতানো হয়েছে, ‘আমি জানি কারা জড়িত, তবে এখনই বলব না। এতে চারজন জড়িত ছিল।’ ক্লাবের বোর্ড সভাপতি ডেভিড অ্যাগুইলারও গত কয়েকটি ম্যাচে দল নির্বাচন সন্দেহজনক বলে স্বীকার করেছেন। রয়টার্স।