আর গোল করবেন না চেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজারিও চেনি
রজারিও চেনি

ক্যারিয়ার শেষে নামের পাশে ১৩১ গোলের রেকর্ডটাকে খুব খারাপ বলা যাবে না। কিন্তু রেকর্ডটা যখন একজন গোলরক্ষকের, তখন সেটিকে কী বলা উচিত? রজারিও চেনির ‘অবিশ্বাস্য’ এই গোলসংখ্যাটা আর বাড়ছে না, আর গ্লাভস পরে ফ্রি-কিক নিতে দেখা যাবে না তাঁকে। পরশু ২৫ বছরের ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টেনেছেন সাও পাওলোর এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।
‘একটা যুগের শেষ’—খেলোয়াড়দের বিদায়ে এই কথাটা অতি ব্যবহারে এখন ক্লিশেই হয়ে গেছে। তবে ৪২ বছর বয়সী চেনির চেয়ে আর কারও জন্য কথাটা এত বেশি খাটে বলে মনে হয় না। সাও পাওলোর ইতিহাসের একটা অধ্যায় তো আসলেই শেষ হয়ে গেল পরশু। ২৫ বছরে ক্লাবের হয়ে ১২৫৬টি ম্যাচ খেলেছেন। যা নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। গিনেস বুকে নিজের নাম লিখিয়েছেন আরও তিনটি কারণে। গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি গোল, কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে বেশি জয় ও সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব—চেনিকে ফুটবল ইতিহাস অনেক কারণেই মনে রাখবে।
তবে অমর হয়ে থাকবেন গোল করার জন্যই। সেট পিসে ছিলেন দুর্দান্ত, ১৩১ গোলের ৬০টিই এসেছে ফ্রি-কিক থেকে। সাও পাওলোর ইতিহাসেই ফ্রি-কিক থেকে এত গোল করার কীর্তি আর কারও নেই। শততম গোলটা পেয়েছিলেন চার বছর আগেই, সর্বশেষটি পেয়েছেন গত মার্চে। ক্লাব ক্যারিয়ারেও ঘরোয়া ও আন্তর্জাতিক অনেক শিরোপাই জিতেছেন। এর অন্তত একটিকে আলাদা করে মনে রাখবেন। ২০০৫ সালে সাও পাওলোর হয়ে জেতা ক্লাব বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়েরও পুরস্কার পেয়েছিলেন চেনি। সেই চেনি বিদায় নেওয়ার পর ফুটবল গেম ফিফার ১৯৯৬ সংস্করণের একজন খেলোয়াড়ই এখনো মাঠে থাকলেন—ফ্রান্সেসকো টট্টি!
ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল, জাতীয় দলের হয়ে চেনির ক্যারিয়ার ততটাই বিবর্ণ। সে কারণে অবসরের ঘোষণার পর অতটা হইচইও হয়নি। একদমই যে হয়নি, তা অবশ্য নয়। রোনালদিনহো যেমন টুইট করেছেন, ‘অ্যাথলেট ও মানুষ হিসেবে আপনি আসলেই দৃষ্টান্ত। জীবনের নতুন অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা।’
কী আছে সেই অধ্যায়ে? সেটি যদি কোচিং হয়, চেনি গোলকিপিং কোচ না হয়ে ফরোয়ার্ডদের কোচও হতে পারেন! তথ্যসূত্র: ফোরফোরটু।