আর টুঁটি চেপে ধরার ঘটনা ঘটবে না, আশ্বাস এনরিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই দৃশ্য, যেটি এখন মনেই পড়ছে না এনরিকের।
সেই দৃশ্য, যেটি এখন মনেই পড়ছে না এনরিকের।

ফ্ল্যাশব্যাক করে একটু পেছনে চলে যান। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। বল পায়ে নির্বিকার ভঙ্গিতে একের পর এক ব্রাজিল খেলোয়াড়কে কাটিয়ে যাচ্ছেন, রীতিমতো নাচাচ্ছেন। শিল্পীর নাম জিনেদিন জিদান। এবার একটু সামনে চলে আসুন। ওই বিশ্বকাপেরই ফাইনাল। মেজাজ হারিয়ে ইতালি ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখে বেরিয়ে যাচ্ছেন—তিনিও জিদান। তিনি শিল্পী, গড়তে ভালোবাসেন। আবার তিনি বদমেজাজি, ভাঙতেও তাঁর নেশা!

জিদান রিয়াল মাদ্রিদের কোচ হয়েছেন—খবরটা নিশ্চিত হওয়ার পর থেকেই ভার্চ্যুয়াল জগতে এক যুগ আগের একটা ছবি বেশ বানভাসি জলের মতো ছড়িয়ে পড়েছে। বর্তমান বার্সেলোনা কোচ লুইস এনরিকের টুঁটি চেপে ধরছেন জিদান। ২০০৩ সালের এল ক্লাসিকোর ছবি এটি। এনরিকে তখন বার্সায়, জিদান রিয়ালে। উত্তেজনাপূর্ণ ওই এল ক্লাসিকোতে দুদলের খেলোয়াড়দের কথা-কাটাকাটির একপর্যায়ে হঠাৎই দেখা গেল ‘অ্যাকশন’ দৃশ্য। এনরিকের মুখ চেপে ধরেছেন জিজু, অন্য দিকে জিজুর টুঁটি ধরে আছেন এনরিকে!
এক যুগ পর আবার আগামী ৩ এপ্রিল মুখোমুখি হবেন দুজন। এমনিতেই এল ক্লাসিকোতে উত্তেজনা ছড়ানোর উপকরণের কমতি থাকে না। ধ্রুপদি ফুটবলের পাশাপাশি বাড়তি আকর্ষণ হয়ে থাকে খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি, ধ্বস্তাধ্বস্তি, লাল কার্ড—এসবও। কখনো কখনো তো মাঠ ছাড়িয়ে ডাগ আউটেও ছড়িয়ে পড়ে সেটি। ২০১১ সালের এল ক্লাসিকোতে সে সময়ের বার্সেলোনা সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে রিয়াল কোচ হোসে মরিনহোর খোঁচা মারার কথা নিশ্চয়ই ভুলে যাননি।
এবারও তেমন কিছুই হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বার্সা কোচ এনরিকে একদমই নাকচ করে দিলেন। শুধু তা-ই নয়, এমনও দাবি করলেন, বহুল আলোচিত সেই টুঁটি চেপে ধরার কথা নাকি তাঁর মনেই নেই! এনরিকে বললেন, আমরা একে অন্যকে খুব ভালো করে চিনি না। বিপক্ষে খেলেছি এমন কোনো খেলোয়াড়কে নিয়ে আমার খারাপ কোনো স্মৃতি মনে পড়ছে না। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিটা নিয়েও নিজের ব্যাখ্যা দিলেন বার্সা কোচ, ছবিটা আমি দেখিনি। জিদানের সঙ্গে কথা-কাটাকাটির কথা মনে নেই। তবে এটা নিশ্চিত, আমরা দুজনই নিজেদের দলের জন্য লড়ছিলাম। সবাই নিজেদের দলের জন্য লড়ে, তবে এ নিয়ে ভালো বা খারাপ কোনো স্মৃতিই নেই আমার।
খেলার মাঠের জৌলুশে সেদিন জিদান এগিয়ে থাকলেও ডাগআউটের লড়াইয়ে কিন্তু এগিয়ে আছেন এনরিকেই। জিদানের এই প্রথম কোনো সিনিয়র দলে অভিষেক হচ্ছে, অন্যদিকে এনরিকে এরই মধ্যে প্রায় সব শিরোপা জিতে বসে আছেন। তবে শিক্ষানবিশ হলেও জিদানের প্রতি সম্মানের কোনো কমতি নেই এনরিকের, কোচ হিসেবে তাঁকে নিয়ে কিছু বলার নেই। এ নিয়ে ভাবার সময় এখনো পাইনি। একজন সতীর্থ হিসেবে তাঁকে সম্মান করি আমি।
এনরিকের সেই খেলোয়াড়ি জীবনের রক্তে বারুদের নেশা ধরানো তেজ আর নেই। কিন্তু এল ক্লাসিকো তো ভেজা বারুদেও কখনো কখনো বিস্ফোরণ ঘটাতে পারে, নাকি!