আর নয় মেসি!
আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন ড্যানিয়েল প্যাসারেলা। ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন তিনি। ছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলেও। দলের নেতৃত্বের বিষয়টি তাঁর ভালোই জানা আছে। সে অভিজ্ঞতা থেকেই প্যাসারেলা বলছেন, আর্জেন্টিনার অধিনায়কত্ব থেকে মেসিকে সরিয়ে দেওয়া হোক!
তিন বছরে টানা তিনটি ফাইনালে হেরেছে আর্জেন্টিনা। প্রতিবারই অধিনায়কের বন্ধনী ছিল লিওনেল মেসির হাতে। প্যাসারেলা মনে করেন, মেসিকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিলেই ভালো হবে আর্জেন্টিনার জন্য, ‘মেসিকে আর্জেন্টিনার অধিনায়ক না করলেই ভালো, তাহলে সে অনেক নির্ভার থাকবে। আমি মেসির গুণমুগ্ধ। কিন্তু ব্যক্তিগতভাবে সে লাজুক, সে নিজেকে একটু গুটিয়ে রাখে।’
তা মেসির কাছ থেকে নেতৃত্ব সরিয়ে নিয়ে তাঁকে না হয় নির্ভার রাখা গেল। তাহলে আর্জেন্টিনার অধিনায়ক করা যায় কাকে? প্যাসারেলার প্রস্তাবটা আবার অবাক করবে অনেককেই। ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনে খেলা ডিফেন্ডার রামিরো ফুনেস মোরিকে বেছে নিয়েছেন তিনি, ‘আমার ধারণা, আর্জেন্টিনা এরই মাঝে ভালো একজন নেতা পেয়ে গেছে। মোরির অধিনায়ক হওয়া উচিত। আর একজন খেলোয়াড় কেমন, বা সে কতটা প্রতিভাবান, সেটির সঙ্গে অধিনায়কত্বের কোনো সম্পর্ক নেই।’ গোলডটকম।