আর ভুল করতে চান না বেলরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েলসের লোকগাথায় নাম প্রায় লিখিয়েই ফেলেছিলেন গ্যারেথ বেল। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছেন, সেটি জয়সূচক হলে ‘প্রায়’ কথাটি লিখতে হতো না। কিন্তু জেমি ভার্ডি ও ড্যানিয়েল স্টারিজের দুই গোলে উল্টো তিনি পরাজিত দলের প্রতিনিধি।
বেলের সেই দুঃখ আজই ঘুচে যেতে পারে। সেদিকে তাকিয়েই বলেছেন, ‘অবশ্যই আমরা খুব হতাশ, এভাবে হার মেনে নেওয়া যায় না। কিন্তু সেসব ভুলে যেতে হবে আমাদের। আজ আমাদের ভাগ্য আমাদের হাতেই।’
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের সমীকরণটি আসলেই সোজা। আজ রাশিয়াকে হারালেই দ্বিতীয় পর্ব। প্রথমবার খেলতে এসেই নকআউটে পা রাখা! ওয়েলসের গল্পকথায় বেলের নাম তো আজও লেখার সুযোগ থাকছে। ওয়েলস ফরোয়ার্ড আছেন সে ক্ষণের অপেক্ষায়, ‘শেষ ম্যাচ নিয়ে আমরা অনেক উত্তেজিত। এ ম্যাচে সবকিছু জেতার সুযোগ আমাদের আছে। আশা করি, উপলক্ষটা হাতছাড়া করব না, দ্বিতীয় পর্বে উঠতে পারব আমরা।’
তবে বেল-রামসে সমৃদ্ধ ওয়েলসের আক্রমণভাগ ভালো খেলছে না মোটেও। রাশিয়া ম্যাচে সে ভুল করতে চান না বেল, ‘বল পায়ে আমাদের আরও ভালো খেলতে হবে। বাছাইপর্বে যেভাবে খেলেছি, সেভাবে খেলার চেষ্টা করতে হবে।’
সবকিছু জেতার সুযোগ অবশ্য রাশিয়ারও আছে। ওয়েলসকে হারালে তৃতীয় স্থান তো নিশ্চিত হচ্ছেই, এমনকি গ্রুপ রানার্সআপও হয়ে যেতে পারে দলটি। বেলদের তাই কঠিন পরীক্ষাই দিতে হবে।
ভার্ডিদের অবশ্য এমন কোনো কঠিন পরীক্ষা দিতে হবে না আজ। স্লোভাকিয়ার সঙ্গে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত ইংল্যান্ডের। তাই প্রতিপক্ষ নয়, বরং মূল একাদশে কে খেলবেন সেটি নিয়ে কথা বলতে হলো ভার্ডিকে। স্ট্রাইকিংয়ে কোচ রয় হজসনের প্রথম পছন্দ হ্যারি কেন দুই ম্যাচেই হতাশ করেছেন। অন্যদিকে ওয়েলস ম্যাচে নেমেই গোল করেছেন ভার্ডি। লেস্টার সিটি স্ট্রাইকার কিন্তু এখনো কেনকে নামানোরই পক্ষে! বদলি নেমেই নাকি তিনি খুশি, ‘আমি এতেই খুশি। ওর (কেন) কাজটি যথেষ্ট কঠিন। আমি নিশ্চিত সে প্রথমেই মাঠে নামতে চাইবে, আশা করি গোলও পাবে। একাদশে থাকার জন্য সে অনুশীলনে বাড়তি পরিশ্রমও করছে।’
ম্যাচে যিনিই আগে নামুন, তাঁর কঠিন পরীক্ষা নেবে স্লোভাকিয়া। আগের দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছে দলটি। আর সব হিসাব-নিকাশ পিছু ফেলে দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে হলে আজ জিততেই হবে দলটিকে। সে ক্ষেত্রে মূল দায়িত্বটা নিতে হবে মারেক হামসিককে। স্লোভাকিয়ান পত্রিকা নোভাই কাস-এর ভাষায় যিনি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও ভালো। রাশিয়ার বিপক্ষে এক গোল করে ও করিয়ে প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছেন স্লোভাকিয়ান মিডফিল্ডার।
আজও কি পারবেন হামসিক? এএফপি।
আজকের খেলা
ইংল্যান্ড-স্লোভাকিয়া
রাত ১টা
রাশিয়া–ওয়েলস
রাত ১টা