আরও উন্নতি চান লো
গ্রুপ পর্বে ঠিক যেন চেনা যাচ্ছিল না বিশ্ব চ্যাম্পিয়নদের। তিন ম্যাচে মাত্র তিন গোল তো জার্মানির সঙ্গে ঠিক যায় না। অবশেষে আসল জার্মানিকে দেখা গেল নকআউট পর্বে, পরশু স্লোভাকিয়ার সঙ্গে ২-১ গোলে জয়ে জার্মানি বাকিদের একটা বার্তাও দিয়ে রাখল। তবে এই দলের আরও উন্নতি দেখতে চান জার্মানি কোচ জোয়াকিম লো।
জেরোম বোয়াটেংয়ের দারুণ এক ভলিতে প্রথম গোল, মারিও গোমেজের গোলে জার্মানির আরও এগিয়ে যাওয়া। জুলিয়ান ড্রাক্সলারের ভলি স্লোভাকিয়ার জালে ঠুকে দিয়েছে শেষ পেরেক। ওজিল পেনাল্টি থেকে গোল করতে পারলে ব্যবধান আরও বড় হতে পারত। তবে লো এমন ফলেও ঠিক সন্তুষ্ট নন, ‘আমরা বেশ ভালো খেলেছি। রক্ষণ ও আক্রমণ দুই দিক দিয়েই। কিন্তু আমাদের সব প্রতিপক্ষকে শ্রদ্ধা করে বলছি, এই খেলা দিয়ে আমরা শিরোপা জিতব, সেটা বলার উপায় নেই। সেটা করতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে।’ লো অবশ্য আলাদাভাবে রক্ষণের প্রশংসা করলেন, ‘রক্ষণ খুবই ভালো খেলছে। হামেলস ও বোয়াটেং প্রায় সব চ্যালেঞ্জ জিতেছে।’ এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে কোনো গোল ঢোকেনি জার্মানির জালে, প্রশংসা বোয়েটাংদের প্রাপ্যই।
পরের পর্বে অবশ্য জার্মানির কঠিন পরীক্ষাই দিতে হবে। প্রতিপক্ষ হিসেবে স্পেন না ইতালি থাকছে, সেটা এতক্ষণে জেনে গেছেন। জার্মান মিডফিল্ডার জেরোম বোয়াটেং দলকে সতর্কই করছেন, ‘স্পেন টেকনিক্যালি প্রতিযোগিতার সেরা দল। বল তাদের পায়ে থাকলে তারা খুবই শক্তিশালী। অনেক বছর থেকেই তো একসঙ্গে খেলছে। আর কৌশলগত দিক দিয়ে ইতালিও বেশ সুশৃঙ্খল। দল হিসেবে তারা বেশ গোছানো।’ এএফপি, রয়টার্স।